প্রকাশিত: ২৪ নভেম্বর, ২০২৬ ১৮:৫৩ (মঙ্গলবার)
লাল কার্ড দেখার পর ছুরি হাতে মাঠে ফুটবলার, আতঙ্কে পরিত্যক্ত ম্যাচ

প্রতিকী ছবি

ইতালির সিসিলিতে লাল কার্ড দেখানোর পর ড্রেসিংরুম থেকে ছুরি হাতে মাঠে ফিরে প্রতিপক্ষ দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের ভয় দেখানোর অভিযোগ উঠেছে এক ফুটবলারের বিরুদ্ধে। ভয়াবহ এই ঘটনার পর ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশও ডাকতে বাধ্য হন আয়োজকরা। তবে এ ঘটনায় কেউ আহত হননি।

ঘটনাটি ঘটে ইতালির তৃতীয় ডিভিশনের একটি অপেশাদার ফুটবল ম্যাচে। মুখোমুখি হয়েছিল গ্যালাকটিক পাওলিনি ও অ্যাথলেটিক পারতান্না।

ম্যাচ চলাকালে গ্যালাকটিক পাওলিনির ১০ নম্বর জার্সিধারী ফুটবলার ডেল পাওলিনি প্রতিপক্ষের বেঞ্চের সামনে অশালীন অঙ্গভঙ্গি করেন। এ ঘটনায় প্রথমে হলুদ কার্ড দেখেন তিনি। পরে প্রতিপক্ষ দলের এক খেলোয়াড়কে লাথি মারলে রেফারি ভিনসেঞ্জো পার্নিস তাকে সরাসরি লাল কার্ড দেখান।

পাওলিনিকে লাল কার্ড দেখানোর প্রতিবাদে রেফারির সঙ্গে তর্কে জড়ান গ্যালাকটিকের কোচ কালান্দ্রা। একপর্যায়ে তাকেও লাল কার্ড দেখান রেফারি। এতে মাঠের পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

তবে ঘটনার ভয়াবহতা বাড়ে এরপর। লাল কার্ড দেখে ড্রেসিংরুমে চলে গেলেও কয়েক মিনিট পর ছুরি হাতে আবার মাঠে ফিরে আসেন পাওলিনি। অভিযোগ, প্রতিপক্ষ অ্যাথলেটিক পারতান্নার বেঞ্চের কাছে গিয়ে খেলোয়াড় ও কর্মকর্তাদের ভয় দেখাতে থাকেন তিনি। এমনকি দলের এক কর্মকর্তার গলায় ছুরি ধরেন বলেও অভিযোগ উঠেছে।

এ পরিস্থিতিতে খেলোয়াড় ও কর্মকর্তাদের নিরাপত্তার কথা বিবেচনা করে ম্যাচ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেন রেফারি। পরে ঘটনাস্থলে পুলিশ ডাকা হয়।

এদিকে, ঘটনার পর ইতালি ফুটবল সংস্থার কাছে লিখিত অভিযোগ জানিয়েছে অ্যাথলেটিক পারতান্না। ভবিষ্যতে খেলোয়াড় ও কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে ক্লাবটি।