ছবি: সংগৃহীত
সিলেট মশার উপদ্রবে অতিষ্ঠ নগরবাসী। মশা নিধনে সিটি করপোরেশনের কার্যক্রমকে লোকদেখানো আখ্যা দিয়ে সড়কে মশারি টানিয়ে অভিনব প্রতিবাদ জানিয়েছে সিলেট কল্যাণ সংস্থা। নগরীকে মশামুক্ত করতে কার্যকর ও মানসম্মত ওষুধ ছিটানো এবং ড্রেন-নালা নিয়মিত পরিষ্কারের দাবি জানিয়েছেন সংগঠনটির নেতারা।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে মশারি টানিয়ে প্রতীকী শোভাযাত্রা বের করেন সংগঠনের নেতাকর্মীরা। শোভাযাত্রাটি নগর ভবনের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, সিলেট সিটি করপোরেশন মশা নিধনে ওষুধ ছিটানো এবং ফগার মেশিন ব্যবহারের কথা বললেও বাস্তবে এর কার্যকর কোনো সুফল পাচ্ছেন না নগরবাসী। ওষুধ ছিটানোর এক ঘণ্টার মধ্যেই আবার মশার উপদ্রব শুরু হয়।
তারা বলেন, মশার অসহনীয় উপদ্রবে নগরবাসীর স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। একদিকে ডেঙ্গুর প্রাদুর্ভাব, অন্যদিকে মশার উৎপাত জনদুর্ভোগ আরও বাড়িয়ে তুলছে। শিশু ও বয়স্কদের নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন নগরবাসী।
বক্তারা আরও বলেন, শুধু লোকদেখানো ওষুধ ছিটিয়ে মশার উপদ্রব নিয়ন্ত্রণ সম্ভব নয়। মশার প্রজননস্থল ধ্বংস করতে নগরীর ড্রেন, নালা ও জলাবদ্ধ স্থানগুলো নিয়মিত পরিষ্কার করতে হবে। পাশাপাশি কার্যকর ও মানসম্মত কীটনাশক ব্যবহার এবং মশা নিধনে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করতে হবে।
নগরবাসীর দুর্ভোগ লাঘবে সিলেট সিটি করপোরেশনকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান সংগঠনটির নেতারা।
আইটি ল্যাব সলিউশন্স লি.