সিলেট মহানগরীতে পৃথক অভিযানে বিভিন্ন অপরাধে ৩৭ জনকে গ্রেফতার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। একই সময়ে ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ১৬৬টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) রাত ১২টা থেকে মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ২৪ ঘণ্টাব্যাপী অভিযানে বিভিন্ন অপরাধে ২৯ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক ব্যবসায়ী এবং মেট্রোপলিটন অধ্যাদেশে গ্রেফতার ব্যক্তিরা রয়েছেন।
অভিযানকালে ৮০ পিস ইয়াবা ও ৭৫টি ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়।
এদিকে, এসএমপির ট্রাফিক বিভাগ পৃথক অভিযানে মোট ১৬০টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে। এর মধ্যে ৫৭টি যানবাহনের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে এবং ১০৩টি যানবাহন আটক করা হয়েছে।
এ ছাড়া ২৪ নভেম্বর রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত এসএমপির আওতাধীন ছয়টি থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে আরও আটজনকে আটক করা হয়েছে।
বিশেষ অভিযানের অংশ হিসেবে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মোটরসাইকেল মহড়া, ব্লক রেইড, যানবাহন তল্লাশি ও চেকপোস্ট স্থাপন করা হয়। এ সময় ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে আরও তিনটি যানবাহন আটক এবং তিনটি যানবাহনের বিরুদ্ধে মামলা করা হয়।
এসএমপি জানায়, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হচ্ছে। নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
নিরাপদ সিলেট গড়তে এসএমপির অভিযান অব্যাহত রয়েছে।
আইটি ল্যাব সলিউশন্স লি.