প্রকাশিত: ২৪ নভেম্বর, ২০২৬ ০৯:২৬ (মঙ্গলবার)
দেশের বিভিন্ন স্থানে পরপর দুইবার ভূমিকম্প অনুভূত

ছবি সংগৃহীত :

উত্তরবঙ্গের পঞ্চগড়, কুড়িগ্রাম ও ঠাকুরগাঁওসহ দেশের বিভিন্ন এলাকায় দুই মিনিটের ব্যবধানে পর পর দুইবার ভূমিকম্প অনুভূত হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৭টা ৩২ মিনিটে প্রথম এবং ৭টা ৩৪ মিনিটে দ্বিতীয় দফায় কম্পন অনুভূত হয়।

অ্যান্ড্রয়েড আর্থকোয়েক অ্যালার্ট সিস্টেমের প্রাথমিক তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির আনুমানিক মাত্রা ছিল ৫ দশমিক ৪। এর উৎপত্তিস্থল ছিল নেপালের কোশি প্রদেশের লেলেপ এলাকা থেকে প্রায় ৯ কিলোমিটার দূরে। পঞ্চগড় থেকে ওই এলাকার দূরত্ব প্রায় ১৬৪ দশমিক ৩ কিলোমিটার।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ ভূমিকম্পের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ভূমিকম্পের উৎপত্তিস্থল সীমান্তের ওপারে হওয়ায় পঞ্চগড়ে কম্পন অনুভূত হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

ভারতীয় ও ইউরেশীয় টেকটোনিক প্লেটের চলমান সংঘর্ষের কারণে নেপালে প্রায় ভূমিকম্প হয়ে থাকে। গত কয়েক বছরে এই অঞ্চলে বেশ কয়েকটি শক্তিশালী ভূমিকম্প হয়েছে, যার মধ্যে কয়েকটি ভয়াবহ ভূমিকম্প ব্যাপক ধ্বংসযজ্ঞ ও প্রাণহানির কারণ হয়েছে।