প্রকাশিত: ২৩ নভেম্বর, ২০২৬ ২০:১৮ (সোমবার)
সুনামগঞ্জে ৪ কোটি টাকার সেতুতে নেই সড়ক সংযোগ

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজলার খাসিয়ামারা নদীতে আলীপুর-টেংরাটিলা এলাকায় প্রায় চার কোটি টাকার বেশি ব্যয়ে নির্মিত সেতুটির নির্মাণকাজ দীর্ঘ প্রায় পাঁচ বছরেও শেষ হয়নি।

চলতি বছরের আগস্টের শেষ দিকে সেতুর মূল কাঠামো ও অন্যান্য কাজ শেষ হলেও তৈরি হয়নি দুই দিকের সংযোগ সড়ক বা এপ্রোচ রোড। সংযোগ সড়ক না থাকায় সেতুটি কার্যত কোনো কাজেই আসছে না, ফলে বাধ্য হয়ে এলাকাবাসীকে স্টিলের পাটাতন ও মই বেয়ে সেতুতে ওঠানামা করতে হচ্ছে। অপরিকল্পিত এই নির্মাণ কাজ ও দীর্ঘসূত্রিতার কারণে সেতুটি এখন স্থানীয়দের উপকারের বদলে চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে এবং এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন বয়স্ক মানুষ ও শিক্ষার্থীরা।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা যায়, ৫০০ মিটার চেইনেজে ৭৫ মিটার দীর্ঘ পিসি গার্ডার সেতুটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৪ কোটি ২৬ লাখ ৯৪ হাজার টাকা। ২০২২ সালের ২ ফেব্রুয়ারি আলীপুর-টেংরাটিলা খেয়াঘাটে ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে সেতুর নির্মাণকাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়। তবে শুরু থেকেই ঠিকাদারের স্বেচ্ছাচারিতা, খামখেয়ালিপনা ও বিভিন্ন অনিয়মের অভিযোগ ওঠে। দীর্ঘসূত্রতার কারণে নির্ধারিত সময়ে কাজ শেষ হয়নি। শেষ পর্যায়ে এসে ঝুলে রয়েছে দুই পাশের সংযোগ সড়ক নির্মাণের কাজ।

সরেজমিনে দেখা যায়, দোয়ারাবাজার সরকারি ডিগ্রি কলেজ, দোয়ারাবাজার সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, টেংরা স্কুল অ্যান্ড কলেজ, মুহিবুর রহমান মানিক সোনালী নুর উচ্চ বিদ্যালয় ও আলীপুর নূরানী একাডেমিসহ আশপাশের কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াতের অন্যতম প্রধান পথ এই সেতু। প্রতিদিন এসব প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থীসহ অন্তত ১০ গ্রামের কয়েক হাজার মানুষ হাটবাজার, উপজেলা সদর ও জেলা শহরে যাতায়াত করেন। কিন্তু সংযোগ সড়ক না থাকায় ঝুঁকি নিয়ে মই বেয়ে সেতুতে ওঠানামা করতে হচ্ছে তাদের।

আলীপুর গ্রামের বাসিন্দা ও গণমাধ্যমকর্মী আশিশ রহমান বলেন, সেতুটি এখন মানুষের জন্য উল্টো বিড়ম্বনার কারণ হয়ে দাঁড়িয়েছে। স্টিলের মই বেয়ে সেতুতে উঠতে হয়, এরপর আবার পাটাতনের সিঁড়ি দিয়ে নিচে নামতে হয়।

আলীপুর বাজারের ব্যবসায়ী ইউসুফ খান বলেন, এই সেতু দিয়ে ওঠানামা করা যে কতটা কষ্টকর, তা বলে বোঝানো যাবে না। ঠিকাদারের উদাসীনতায় সংযোগ সড়কের কাজ ঝুলে রয়েছে। অসুস্থ ও বয়স্ক মানুষেরা মই বেয়ে সেতুতে উঠতে ভয় পান। বাজারের মালামাল পারাপার করতেও ব্যবসায়ীদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। এই জনদুর্ভোগ দেখার যেন কেউ নেই।

সিএনজি অটোরিকশাচালক জসিম উদ্দিন বলেন, সংযোগ সড়ক না থাকায় এই সেতু দিয়ে কোনো যানবাহন পারাপার করা সম্ভব হচ্ছে না।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, সেতু নির্মাণের আগে নদী পারাপারে রশি টানা খেয়ানৌকাই ছিল তাদের একমাত্র ভরসা। ওই নৌকায় মালামাল, বাইসাইকেল ও মোটরসাইকেল সহজেই পারাপার করা যেত। কিন্তু সেতু নির্মাণের পর খেয়ানৌকার চলাচল বন্ধ হয়ে যাওয়ায় সেই সুযোগও আর নেই। এখন অন্তত ২০ ফুট উঁচু পাটাতনের সিঁড়ি বেয়ে সেতুতে উঠতে হচ্ছে।

তাদের অভিযোগ, পাঁচ বছর ধরে নির্মাণকাজ চললেও এখনো সংযোগ সড়ক নির্মাণ করা হয়নি। ঠিকাদারের খামখেয়ালিপনায় দীর্ঘদিন কাজ বন্ধ ছিল। সময়মতো কাজ শেষ হলে অন্তত দুই বছর আগেই সেতুটি ব্যবহার করা সম্ভব হতো।

তবে ঠিকাদার শংকর বাবু এসব অভিযোগ অস্বীকার করে বলেন, সেতুর কাজ শেষ হয়েছে। সুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশীদ ও স্থানীয় ইউপি সদস্য আব্দুল হামিদের সঙ্গে সমন্বয় করে সেতুর দুই পাশের সংযোগ সড়কে মাটি ভরাটের কাজের দায়িত্ব দেওয়া হয়েছে। খুব শিগগিরই কাজ শুরু হবে।

সুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশীদ বলেন, পাঁচ-ছয় মাস আগে তার মধ্যস্থতায় ঠিকাদারের সঙ্গে ইউপি সদস্য আব্দুল হামিদ ও স্থানীয় কয়েকজনের সংযোগ সড়কে মাটি ভরাটের জন্য ৯ লাখ টাকার চুক্তি হয়। চুক্তি অনুযায়ী সেতুর পূর্ব পাশে চার লাখ টাকার মাটি ভরাটের কাজ শেষ হয়েছে। কিন্তু ঠিকাদার বিল পরিশোধে সময়ক্ষেপণ করেন। প্রায় পাঁচ মাস পর কিছু বিল পরিশোধ করা হলেও কাজের দায়িত্বে থাকা ব্যক্তিরা ঠিকাদারের কাছে আরও দুই লাখ টাকা অগ্রিম দাবি করেন। এ নিয়ে সমঝোতা না হওয়ায় সেতুর পশ্চিম পাশের সংযোগ সড়কের কাজ বন্ধ রয়েছে।

দোয়ারাবাজার উপজেলা এলজিইডি কর্মকর্তা আব্দুল হামিদ বলেন, ঠিকাদারের সঙ্গে কথা হয়েছে। তিনি জানিয়েছেন, স্থানীয়ভাবে যাদের মাটি ভরাটের কাজ দেওয়া হয়েছিল, তারা অর্ধেক কাজ করেছেন। তাদের সঙ্গে বনিবনা না হওয়ায় বাকি কাজ বন্ধ রয়েছে। কাজ দ্রুত শেষ করতে ঠিকাদারকে তাগিদ দেওয়া হয়েছে। আশা করা হচ্ছে, খুব শিগগিরই মাটি ভরাটের কাজ আবার শুরু হবে।

চার কোটি টাকার সেতু নির্মাণ শেষ হলেও সংযোগ সড়কের অভাবে তা মানুষের কাজে আসছে না। কবে নাগাদ সেতুটি পুরোপুরি চলাচলের উপযোগী হবে, সেই অপেক্ষায় রয়েছেন অন্তত ১০ গ্রামের কয়েক হাজার মানুষ।