প্রকাশিত: ২৩ নভেম্বর, ২০২৬ ১৯:৪৬ (সোমবার)
সিলেটে হত্যা মামলার ২ আসামি গ্রেফতার

সিলেটের বিশ্বনাথে সংঘবদ্ধ হামলায় সোনা মিয়া হত্যা মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯।

রোববার (২২ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে সিলেটের জকিগঞ্জ উপজেলার মানিকপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতারকরা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- হেলন চন্দ (৪০), পিতা মৃত নরেশ চন্দ এবং পিযুষ চন্দ (৫০), পিতা নগেন্দ্র কুমার চন্দ। তারা দুজনই সিলেটের বিশ্বনাথ উপজেলার দিঘলী টুপুর গ্রামের বাসিন্দা। তারা এ মামলার এজাহারনামীয় ৩ ও ৫ নম্বর আসামি।

এসআরবি-৯ সূত্রে জানা যায়, গত ১০ নভেম্বর বিকেল আনুমানিক সাড়ে ৪টার দিকে বিশ্বনাথ উপজেলার মান্দারবাজার এলাকায় ভিকটিম সোনা মিয়ার ভাতিজা অটোরিকশাচালক রুবেল আহমদের সঙ্গে ১ নম্বর বিবাদী কাঞ্চন চক্রবর্তীর রাস্তার মধ্যে দাঁড়ানো নিয়ে কথা-কাটাকাটি ও বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে কাঞ্চন চক্রবর্তীর নির্দেশে অন্য বিবাদীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রুবেল আহমদের ওপর অতর্কিত হামলা চালায়।

এ সময় খবর পেয়ে সোনা মিয়া ও পরিবারের অন্য সদস্যরা ঘটনাস্থলে গেলে হামলাকারীরা তাদের ওপরও সংঘবদ্ধ হামলা চালায়। এতে কাঞ্চন চক্রবর্তী ধারালো দা দিয়ে জয়নাল মিয়ার মাথায় আঘাত করে গুরুতর জখম করেন। এছাড়া নাজমা বেগমকে কাঠের রুইল দিয়ে আঘাত এবং চুল ধরে টানাহেঁচড়া করে মাটিতে ফেলে মারধর করা হয়।

সোনা মিয়া বাধা দিতে গেলে হামলাকারীরা লোহার পাইপ দিয়ে তার মাথায় এলোপাতাড়ি আঘাত করে। এতে তার মস্তিষ্কে রক্তক্ষরণ ও রক্ত জমাট বাঁধে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। পরে পরিবারের সদস্যরা সোনা মিয়াকে সিলেট কমিউনিটি বেইজড হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৩ নভেম্বর তিনি মারা যান।

এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে বিশ্বনাথ থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত ও আসামিদের গ্রেফতারে এসআরবি-৯ গোয়েন্দা তৎপরতা শুরু করে।

এরই ধারাবাহিকতায় এসআরবি-৯ , সিপিএসসি, সিলেটের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মামলার দুই আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়।

এ তথ্যটি নিশ্চিত করেছেন এসআরবি-৯ -এর অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান,, গ্রেফতারকৃতদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বিশ্বনাথ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এসআরবি-৯ এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।