প্রকাশিত: ২৩ নভেম্বর, ২০২৬ ১৭:৪৫ (সোমবার)
সিলেট বিআরটিএ কার্যালয়ে দুদকের অভিযান

সিলেট বিআরটিএ (বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ) কার্যালয়ে গাড়ির ফিটনেস নবায়নকে কেন্দ্র করে সেবাপ্রার্থীদের হয়রানি ও দালালচক্রের মাধ্যমে ঘুষ গ্রহণের অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (২৩ নভেম্বর) দুপুর ২টার দিকে দুদকের সিলেট সমন্বিত জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।

দুদক সূত্রে জানা যায়, গত ১৭ নভেম্বর সিলেট বিআরটিএ কার্যালয়ে গাড়ির ফিটনেস নবায়নের জন্য মোট ৭১টি আবেদন জমা পড়ে। এসব আবেদনের বিপরীতে ৭১টি গাড়ি পরিদর্শন করা হয়। এর মধ্যে একটি গাড়ির ফিটনেস নবায়ন প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ পাওয়া যায়।

অভিযোগ অনুযায়ী, গাড়িটির ইঞ্জিন নম্বরসহ প্রয়োজনীয় সব তথ্য সঠিক থাকার পরও পরিদর্শনকারী বিআরটিএ কর্মকর্তা ইঞ্জিন নম্বরের ওপর নীল কালির বিশেষ গোল চিহ্ন দিয়ে সেটিকে ভুল বলে উল্লেখ করেন। এরপর তিনি সেখান থেকে চলে যান। পরবর্তী সময়ে এক দালাল এসে গাড়িটির ফিটনেস নবায়নের জন্য টাকা দাবি করেন। একপর্যায়ে ওই দালালকে ৩ হাজার ৭০০ টাকা দেওয়ার পর গাড়িটির ফিটনেস নবায়ন করা হয়।

এ তথ্য নিশ্চিত করেন সিলেট সমন্বিত জেলা দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক সুবেল আহমদ বলেন, বিআরটিএ কার্যালয়ের কতিপয় অসাধু কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে সেবাপ্রার্থীদের হয়রানি, দালালচক্রের মাধ্যমে ঘুষ গ্রহণের বিনিময়ে সেবা প্রদানসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়েছে।

তিনি আরও বলেন, অভিযানের সময় অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। এ বিষয়ে প্রয়োজনীয় কিছু রেকর্ডপত্র চাওয়া হয়েছে। রেকর্ডপত্র পাওয়ার পর সেগুলো পর্যালোচনা করে বিস্তারিত প্রতিবেদন কমিশনার বরাবর দাখিল করা হবে।