প্রকাশিত: ২৩ নভেম্বর, ২০২৬ ১৭:০৩ (সোমবার)
গ্যাসের ভর্তুকি ফুলেফেঁপে বাড়ছে, ঝুঁকিতে উন্নয়ন ব্যয়

ছবি সংগৃহীত :

চলতি অর্থবছরের মাত্র সাড়ে চার মাসেই গ্যাসখাতের জন্য নির্ধারিত বার্ষিক ভর্তুকি বরাদ্দের প্রায় চার গুণ অর্থ ছাড় করেছে সরকার। চড়া দামের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানিতে সরকারি অর্থব্যবস্থার ওপর বাড়তি চাপ তৈরি হয়েছে,  ফলে এখন উন্নয়ন ব্যয়ে কাটছাঁটের আশঙ্কা দেখা দিয়েছে।

অর্থবিভাগ ২০২৬-২৭ অর্থবছরের শুরু অর্থাৎ গত জুলাই মাস থেকে এপর্যন্ত গ্যাস ভর্তুকি বাবদ ২২,৩০০ কোটি টাকা ছাড় করেছে—যার মধ্যে গত বুধবারও ৩,০০০ কোটি টাকা ছাড় করা হয়। অথচ পুরো অর্থবছরের জন্য এই খাতে বাজেট বরাদ্দ রাখা হয়েছিল প্রায় ৬,০০০ কোটি টাকা।

কর্মকর্তারা জানিয়েছেন, দেশীয় গ্যাসক্ষেত্রের উৎপাদন কমে যাওয়া, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত এবং কাতার থেকে এলএনজি সরবরাহ ব্যাহত হওয়ায়—চড়া দরের স্পট মার্কেটের ওপর বাংলাদেশের নির্ভরতা অনেক বেড়ে গেছে—যেখানে প্রতি মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিট (এমএমবিটিইউ) এলএনজির দাম ৩০ ডলারের কাছাকাছি পৌঁছেছে। এই ধারা অব্যাহত থাকলে অর্থবছর শেষে গ্যাস ভর্তুকির বিল ৫০ হাজার কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে।

জ্বালানি বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম না প্রকাশ করার শর্তে টিবিএসকে বলেন, এ পরিস্থিতিতে ভর্তুকির চাপ কমাতে গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নিয়েছিল সরকার। তবে শ্রমিক আন্দোলন এবং রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় আপাতত এ সিদ্ধান্ত থেকে সরে এসেছে। একই সঙ্গে স্পট মার্কেট থেকে উচ্চমূল্যে এলএনজি কেনার পরিমাণ কমিয়ে আনার পরিকল্পনা করা হচ্ছে।

অর্থবিভাগের এক কর্মকর্তা বলেন, পরিস্থিতির উন্নতি না হলে– গ্যাস খাতের বাড়তি ভর্তুকি মেটাতে উন্নয়ন বরাদ্দ কমানো অথবা অন্যান্য খাতের বরাদ্দ পুনর্বিন্যাসের প্রয়োজন হতে পারে। এতে সরকারের উন্নয়ন ব্যয় ও সামগ্রিক বাজেট ব্যবস্থাপনায় নতুন চাপ তৈরি হবে।

এবিষয়ে সাবেক অর্থসচিব মাহবুব আহমেদ টিবিএসকে বলেন, "দেশের অর্থনীতি অনেকগুলো চ্যালেঞ্জের মধ্যে রয়েছে। এর মধ্যে জ্বালানি সরবরাহ নিশ্চিত করা এবং এখাতের ভর্তুকি সমন্বয় বা ব্যবস্থাপনা অন্যতম। একদিকে ভর্তুকির অর্থ জোগান দেওয়া কঠিন, অন্যদিকে ভর্তুকি তুলে নিলে মূল্যস্ফীতির আশঙ্কা রয়েছে। বর্তমান বৈশ্বিক ও অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতিতে, এর কোনো সহজ সমাধান দেখা যাচ্ছে না। ফলে এরকম পরিস্থিতিতে রাজস্ব আহরণ বাড়ানো এবং সরকারি অর্থ ব্যয়ে দায়িত্বপ্রাপ্তদের অনেক বেশি কৌশলী হতে হবে।"

এলএনজি আমদানি নির্ভরতা

বাংলাদেশের গ্যাস খাতে এই সংকটের মূল কারণ অভ্যন্তরীণ গ্যাসের উৎপাদন কমে যাওয়া এবং আমদানিনির্ভরতা বৃদ্ধি। পেট্রোবাংলার তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ১৮ নভেম্বর দেশে গ্যাস সরবরাহ ছিল ২,৬৬২ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফডি)। এর বিপরীতে প্রকৃত চাহিদা ৩,৮০০ এমএমসিএফডি। অনুমোদিত লোড বিবেচনায় নিলে এই চাহিদার পরিমাণ আরও বেশি।

পেট্রোবাংলার ১৮ নভেম্বরের তথ্য অনুযায়ী, দেশের নিজস্ব গ্যাসক্ষেত্রগুলো থেকে সেদিন উৎপাদন ছিল ১,৬১০ এমএমসিএফডি। আর আমদানি করা এলএনজি পুনরায় গ্যাসে রূপান্তর করে সরবরাহ করা হয়েছে ১,০৫২ এমএমসিএফডি।

জ্বালানি বিভাগের তথ্য অনুযায়ী, ২০২৬ সালে ১১৫ কার্গো এলএনজি আমদানির পরিকল্পনা রয়েছে সরকারের। এর মধ্যে দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় ৮৬টি, স্বল্পমেয়াদি চুক্তিতে ১২টি এবং স্পট মার্কেট থেকে ১৭টি কার্গো কেনার পরিকল্পনা নেওয়া হয়েছে। তবে মধ্যপ্রাচ্যের যুদ্ধ এবং কাতার থেকে সরবরাহ বিঘ্নিত হওয়ায় ব্যয়বহুল স্পট মার্কেটের ওপর নির্ভরতা বেড়েছে।

সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদনেও এলএনজি কেনার ব্যয় বৃদ্ধির চিত্র স্পষ্ট। গত ১৭ আগস্ট বিপি সিঙ্গাপুরের কাছ থেকে দুটি কার্গো কেনার অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে একটির কার্গোয় গ্যাসের দর প্রতি এমএমবিটিইউ ২১.৮৭৮ ডলার এবং অন্যটির ২১.৭৭৮ ডলার।

আগস্টের ২৪ তারিখে আরও দুটি কার্গো কেনার অনুমোদন দেওয়া হয় প্রতি এমএমবিটিইউ যথাক্রমে ২৪.৬২৫ ও ২৪.২৫ ডলার দরে। পরবর্তী সময়ে সেপ্টেম্বরে দুটি কার্গোর দাম অনুমোদন করা হয় প্রতি এমএমবিটিইউ ২৮.৯৫ ও ২৯.৭৯৫ ডলার দরে। এরপরেও সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এলএনজি কেনার প্রস্তাব অনুমোদন করেছে। তবে দাম প্রকাশ করেনি।

উল্লেখ্য, ইরান যুদ্ধ শুরু হওয়ার আগে স্পট মার্কেটে এলএনজির দাম ছিল প্রতি এমএমবিটিইউ বা মিলিয়ন মেট্রিক ব্রিটিশ থার্মাল ইউনিটে  প্রায় ৯ থেকে ১০ ডলার।

এমতাবস্থায়, এলএনজি আমদানির ব্যয় কমাতে দীর্ঘমেয়াদি চুক্তি এবং বিকল্প উৎস থেকেও সরবরাহ নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে সরকার। গত ২৫ অক্টোবর পাঁচটি কার্গো বিপি সিঙ্গাপুরের কাছ থেকে এবং একটি কার্গো কাতার এনার্জি ট্রেডিংয়ের কাছ থেকে কেনার প্রস্তাব অনুমোদনের সুপারিশ করা হয়। এ ক্ষেত্রে প্রতি এমএমবিটিউ এলএনজি আন্তর্জাতিক বাজারের জাপান-কোরিয়া মার্কার বা জেকেএম সূচকের চেয়ে যথাক্রমে ০.১৭ ও ০.১০ ডলার কম দরে এলএনজি কেনার প্রস্তাব করা হয়েছে।

নভেম্বর ও অক্টোবর মাসের জন্যও সরবরাহ নিশ্চিত করতে ১৯টি কার্গোর ব্যবস্থা করেছিল পেট্রোবাংলা। এর মধ্যে অক্টোবরে ১০ কার্গো এসেছে এবং নভেম্বরে বাকি ৯টি আনার পরিকল্পনা নিয়েছে সরকার।

গ্যাসের ক্রয় ও বিক্রয়মূল্যের মধ্যে বড় ব্যবধান

সরকারের জন্য সংকটটি শুধু আমদানি ব্যয়ের নয়, বরং গ্যাস সংগ্রহের গড় খরচের সঙ্গে ভোক্তা পর্যায়ের বিক্রয়মূল্যের বড় ব্যবধানও ভর্তুকির চাপ বাড়াচ্ছে।

কর্মকর্তারা জানিয়েছেন, আমদানিকৃত এলএনজি এবং দেশীয় গ্যাসের সরবরাহ সমন্বয় করার পর—প্রতি ঘনফুট গ্যাসের গড় খরচ পড়ছে প্রায় ৫২ টাকা, যেখানে বিভিন্ন শ্রেণির গ্রাহকদের কাছে গড় বিক্রয়মূল্য মাত্র ২৩ টাকা।

এদিকে ভোক্তাপর্যায়ে গ্যাসের দাম খাতভেদে ভিন্ন। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) নির্ধারিত এবং পরবর্তী সময়ে সংশোধিত মূল্যহার অনুযায়ী, বিদ্যুৎকেন্দ্রে প্রতি ঘনমিটার গ্যাসের দাম ১৫.৫০ টাকা থেকে ১৬ টাকা, সার কারখানায় ২৯.২৫ টাকা, শিল্পে ৩০ টাকা এবং বাণিজ্যিক গ্রাহকদের জন্য ৩০.৫০ টাকা।

তবে ২০২৫ সালের এপ্রিল থেকে নতুন শিল্প সংযোগ ও নির্ধারিত সীমার অতিরিক্ত ব্যবহারের ক্ষেত্রে, শিল্পে প্রতি ঘনমিটার ৪০ টাকা এবং ক্যাপটিভ বিদ্যুৎকেন্দ্রে ৪২ টাকা নির্ধারণ করা হয়েছে।

২০২৪ সালের মে মাসের পর থেকে গ্যাসের দামে বিশেষ পরিবর্তন আনেনি সরকার।

অর্থবিভাগের কর্মকর্তাদের মতে, আন্তর্জাতিক বাজারে এলএনজির দাম বেশি থাকলে এবং সরবরাহ পরিস্থিতির উন্নতি না হলে গ্যাস খাতে ভর্তুকি কমানো কঠিন হবে। ফলে চলতি অর্থবছরে উন্নয়ন প্রকল্পের বরাদ্দ পুনর্বিন্যাসসহ সরকারের ব্যয় ব্যবস্থাপনায় কঠিন সিদ্ধান্ত নেওয়ার পরিস্থিতি তৈরি হতে পারে।

রাজস্ব ঘাটতি বাড়িয়েছে আর্থিক চাপ

ভর্তুকির এই বিশাল বোঝা এমন এক সময়ে আসছে, যখন দেশের রাজস্ব আহরণ লক্ষ্যমাত্রার চেয়ে অনেক পিছিয়ে রয়েছে।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রাথমিক হিসাব অনুযায়ী, চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) লক্ষ্যমাত্রার তুলনায় রাজস্ব আদায়ে ৫০ হাজার কোটি টাকার বেশি ঘাটতি হয়েছে। এনবিআরের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আলোচ্য সময়ে প্রায় ১ লাখ ৭৮ হাজার কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে সংস্থাটি রাজস্ব আদায় করতে পেরেছে ১ লাখ ২৮ হাজার কোটি টাকারও কম।

এর আগে অর্থবছরের প্রথম প্রান্তিকে, অর্থাৎ জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত তিন মাসে রাজস্ব আদায়ে ঘাটতি ছিল প্রায় ৪৩ হাজার কোটি টাকা। অর্থাৎ, সময়ের সঙ্গে লক্ষ্যমাত্রার তুলনায় রাজস্ব ঘাটতির পরিমাণ বেড়েছে।

এডিপি বাস্তবায়নে সর্বনিম্ন হার

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন হয়েছে ৬ দশমিক ৫৩ শতাংশ, যা এ যাবৎকালের সর্বনিম্ন হার। গত ১৫ নভেম্বর সরকারের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) প্রকাশ করা প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

এর আগে ২০২৫-২৬ ও ২০২৪-২৫ অর্থবছরে এডিপি বাস্তবায়নের হার ছিল যথাক্রমে ৮ দশমিক ৩৩ এবং ৭ দশমিক ৯০ শতাংশ। ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে আওয়ামী সরকারের পতন এবং পরবর্তীতে অন্তর্বর্তী সরকারের সময়ে প্রশাসনে অস্থিরতা থাকায়, গত দুই অর্থবছরে এডিপি বাস্তবায়নের গতি কম ছিল।

সাধারণত স্বাভাবিক সময়ে অর্থবছরের প্রথম চার মাসে এডিপি বাস্তবায়নের হার ১০ শতাংশের বেশি হয়। যেমন ২০২৩-২৪ অর্থবছরে এই হার ছিল ১১ দশমিক ৫৪ শতাংশ, এবং এর আগের অর্থবছরে ছিল ১২ দশমিক ৬৪ শতাংশ।

লক্ষ্যভিত্তিক ব্যয় সমন্বয়ের আহ্বান অর্থনীতিবিদদের

পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান এম মাসরুর রিয়াজ বলেন, দীর্ঘদিনের নীতিগত ভুলের কারণে বাংলাদেশ আমদানি করা জ্বালানির ওপর খুব বেশি নির্ভরশীল হয়ে পড়েছে, যা বৈশ্বিক অস্থিরতার এই সময়ে দেশকে উচ্চ আমদানি ব্যয় ও সরবরাহ বিঘ্নের ঝুঁকিতে ফেলে দিয়েছে।

এমন পরিস্থিতিতে গ্যাসখাতে ৬,০০০ কোটি টাকার ভর্তুকি যথেষ্ট নয় উল্লেখ করে তিনি বলেন, "ভর্তুকি বাড়ানোর পাশাপাশি অনুৎপাদনশীল ও কম গুরুত্বপূর্ণ খাতে জ্বালানি ব্যবহারে রেশনিং করতে হবে। একই সঙ্গে উৎপাদন, রপ্তানি, পরিবহন ও বিদ্যুৎ উৎপাদনের মতো জরুরি খাতে সরবরাহ নিশ্চিত করতে হবে।"

তিনি বলেন, "রাজস্ব ও ঋণের চাপের মধ্যে উন্নয়ন ও প্রশাসনিক ব্যয়ে কৃচ্ছ্রসাধন জরুরি। তবে অবকাঠামো, স্বাস্থ্য, শিক্ষা ও দক্ষতা উন্নয়নের মতো কর্মসংস্থান সৃষ্টিতে সহায়ক খাতের বরাদ্দ নির্বিচারে কমানো উচিত নয়। বরং জরুরি ও কম গুরুত্বপূর্ণ প্রকল্প চিহ্নিত করে অগ্রাধিকারভিত্তিতে ব্যয় সমন্বয় করতে হবে।"

সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) গবেষণা পরিচালক তৌফিকুল ইসলাম খান বলেন, সরকারি কর্মকর্তাদের বেতন-ভাতা পুনর্নির্ধারণ ও ভর্তুকির বাড়তি ব্যয় বাজেটে যথাযথভাবে বিবেচনায় নেওয়া হয়নি। একইভাবে গত ফেব্রুয়ারি থেকে বিশ্ববাজারে জ্বালানির মূল্যবৃদ্ধির বিষয়টিও সরকারের সামষ্টিক অর্থনৈতিক প্রাক্কলনে পর্যাপ্ত গুরুত্ব পায়নি। ফলে বাজেটের আগের অনুমিতিগুলো আর কার্যকর থাকছে না।

তৌফিকুল ইসলাম খান বলেন, এ অবস্থায় উন্নয়ন ব্যয় কাটছাঁটের পথে না গিয়ে দ্রুত বাজেট সংশোধন করা প্রয়োজন। কারণ, উন্নয়ন ব্যয় কমে গেলে সরকারি পরিষেবা ও উন্নয়ন কার্যক্রমের গতি কমবে, কর্মসংস্থান বাধাগ্রস্ত হবে এবং রাজস্ব আদায়েও নেতিবাচক প্রভাব পড়বে।

তিনি আরও বলেন, অতীত অভিজ্ঞতায় দেখা গেছে, "উন্নয়ন ব্যয় কমানোর ক্ষেত্রে স্বাস্থ্যসহ অন্যান্য সামাজিক খাতগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। এসব খাতের সুরক্ষায় সরকারকে বিশেষ ব্যবস্থা নিতে হবে, যাতে সাধারণ মানুষের জন্য জরুরি সেবাগুলো সংকুচিত না হয়।"