প্রকাশিত: ২৩ নভেম্বর, ২০২৬ ১৬:২৭ (সোমবার)
হবিগঞ্জে ৬১৮ কোটি টাকার প্রকল্পে চার লেনে ২৬ কিলোমিটার সড়ক

দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে চার লেনে উন্নীত হতে যাচ্ছে হবিগঞ্জের গুরুত্বপূর্ণ আঞ্চলিক মহাসড়কের ২৬ কিলোমিটার অংশ। ৬১৮ কোটি টাকা ব্যয়ে লাখাই উপজেলার বলভদ্র সেতু থেকে হবিগঞ্জ কোর্ট স্টেশন পর্যন্ত সড়কটি চার লেনে উন্নীত করা হবে। আগামী ১৮ মাসের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) বেলা আড়াইটায় দোয়া মাহফিলের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্মাণকাজের উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জি কে গউছ।

এর আগে রোববার হবিগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে প্রকল্পের বাস্তবায়ন ও পরিকল্পনা নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো. জাকির হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ জি কে গউছ। এতে পুলিশ সুপার তারেক মাহমুদসহ জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বক্তব্য দেন। সভা সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাব্বির হোসেন।

সভায় প্রকল্পের বিস্তারিত পরিকল্পনা তুলে ধরেন সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী পার্থ সরকার। এ ছাড়া বক্তব্য দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আবু জাহের, লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক হাসান, হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ নাহিজ, শোয়েব চৌধুরী এবং প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট রুহুল হাসান শরীফ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ৬১৮ কোটি টাকা। এর মধ্যে মূল সড়ক নির্মাণে ৩৯৬ কোটি টাকা, ভূমি অধিগ্রহণে ২১৯ কোটি ১৪ লাখ টাকা এবং বিদ্যুৎ, গ্যাস ও পানির লাইন স্থানান্তরে ২ কোটি ৮৭ লাখ টাকা ব্যয় নির্ধারণ করা হয়েছে। চারটি পৃথক প্যাকেজে প্রকল্পের কাজ বাস্তবায়ন করা হবে।

সরাইল-নাসিরনগর-লাখাই-হবিগঞ্জ আঞ্চলিক মহাসড়কের এই অংশের উন্নয়নে এর আগেও উদ্যোগ নেওয়া হয়েছিল। সে সময় দরপত্র আহ্বান ও ঠিকাদার নির্বাচনের কাজ সম্পন্ন হলেও নানা জটিলতায় শেষ পর্যন্ত প্রকল্পটি বাতিল হয়ে যায়। এরপর দীর্ঘদিন সড়কটির উন্নয়ন অনিশ্চিত থাকায় স্থানীয় বাসিন্দারা মানববন্ধন, স্মারকলিপি প্রদানসহ বিভিন্ন কর্মসূচি পালন করেন। দ্রুত সড়ক সম্প্রসারণের দাবিতে তারা সোচ্চার ছিলেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রকল্পটি বাস্তবায়নে জাতীয় সংসদের হুইপ জি কে গউছ সরকারের উচ্চপর্যায়ে যোগাযোগ করেন। বিএনপি সরকার গঠনের পর গত ১২ এপ্রিল তিনি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলমের কাছে একটি ডিও লেটার দেন। এতে সড়কটির আঞ্চলিক গুরুত্ব এবং ঢাকা-সিলেট মহাসড়কের বিকল্প যোগাযোগপথ হিসেবে এর প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।

ডিও লেটারে উল্লেখ করা হয়, সরাইল-নাসিরনগর-লাখাই-হবিগঞ্জ আঞ্চলিক মহাসড়ক ব্যবহার করলে হবিগঞ্জসহ বৃহত্তর এলাকার মানুষের যাতায়াতের দূরত্ব প্রায় ৩০ কিলোমিটার কমে আসে। বর্তমানে সড়কটির প্রস্থ মাত্র সাড়ে ৫ মিটার হওয়ায় অতিরিক্ত যানবাহনের চাপ সামলাতে সমস্যা হচ্ছে। সড়কটি ১০ দশমিক ৩০ মিটার প্রশস্ত করা হলে যোগাযোগব্যবস্থার উন্নতির পাশাপাশি কৃষি, মৎস্য ও শিল্প খাতের বিকাশেও নতুন সম্ভাবনা তৈরি হবে।

সড়কটি চার লেনে উন্নীত হলে হবিগঞ্জসহ আশপাশের এলাকার মানুষের যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি পণ্য পরিবহন, ব্যবসা-বাণিজ্য ও আঞ্চলিক অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।