সিলেটে উদ্বেগজনক হারে বাড়ছে হত্যাকাণ্ড। নগরী ও জেলার বিভিন্ন উপজেলায় চলতি বছরের ১০ জানুয়ারি থেকে ১৫ নভেম্বর পর্যন্ত ১০ মাসে অন্তত ৬৭টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এর মধ্যে শুধু অক্টোবর মাসেই খুন হয়েছেন ১২ জন। পারিবারিক কলহ, জমি ও পাওনা টাকা নিয়ে বিরোধ, মাদকের টাকা জোগাড় এবং ফুটবল খেলাকে কেন্দ্র করেও ঘটছে প্রাণঘাতী এসব ঘটনা।
নিহতদের তালিকায় রয়েছেন ব্যবসায়ী, প্রবাসী, গৃহবধূ, শিক্ষার্থী, রাজনৈতিক কর্মী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। একের পর এক নৃশংস হত্যাকাণ্ডে জনমনে বাড়ছে উদ্বেগ ও আতঙ্ক।
জেলা পুলিশ ও সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) তথ্য অনুযায়ী, গত ১০ জানুয়ারি থেকে ১৫ নভেম্বর পর্যন্ত সিলেটের ১৭টি থানায় মোট ৬৭টি হত্যা মামলা রেকর্ড করা হয়েছে। এর মধ্যে জেলা পুলিশের অধীন ১১টি থানায় ৪০টি এবং এসএমপির অধীন ছয়টি থানায় ২৭টি হত্যা মামলা হয়েছে।
পরিসংখ্যান অনুযায়ী, সবচেয়ে বেশি ১২টি হত্যাকাণ্ড ঘটেছে অক্টোবর মাসে। এ ছাড়া জুলাইয়ে নয়টি, জানুয়ারি ও জুনে পাঁচটি করে এবং আগস্ট, সেপ্টেম্বর ও নভেম্বর মাসে চারটি করে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। উপজেলাভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি হত্যাকাণ্ড ঘটেছে গোয়াইনঘাটে। সবচেয়ে কম ঘটনা ঘটেছে জকিগঞ্জে।
সিলেট জেলা পুলিশ সুপারের কার্যালয়ের পুলিশ পরিদর্শক (অপরাধ) শংকর নন্দী মজুমদার জানান, গত ১০ জানুয়ারি থেকে ১৫ নভেম্বর পর্যন্ত শুধু জেলা পুলিশের অধীন থানাগুলোতেই ৪০টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
সাম্প্রতিক সময়ে সিলেটে কয়েকটি চাঞ্চল্যকর হত্যাকাণ্ড দেশজুড়ে আলোচনার জন্ম দিয়েছে। গত ১২ আগস্ট নগরীর রায়নগর মিতালী আবাসিক এলাকায় সিলেট চেম্বারের সাবেক পরিচালক মো. আবদুস সাত্তার, তাঁর স্ত্রী সুরাইয়া বেগম ও গৃহপরিচারিকা তাহমিনাকে গলা কেটে হত্যা করা হয়। নৃশংস এ হত্যাকাণ্ড ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।
এর আগে ১১ মে সদর উপজেলায় চার বছরের শিশু ফাহিমাকে যৌন নির্যাতনের পর হত্যা করা হয়। এ ঘটনায় দায়ের করা মামলায় গত ৬ আগস্ট প্রতিবেশী জাকির হোসেনকে মৃত্যুদণ্ড দেন আদালত।
এ ছাড়া ২২ মে কোতোয়ালি এলাকায় ছিনতাইকারী ধরতে গিয়ে র্যাব-৯-এর সদস্য ইমন আচার্য নিহত হন। একই দিনে জালালাবাদ এলাকায় মায়ের হাতে প্রাণ হারায় দেড় বছর বয়সী শিশু মাইমুনা জান্নাত তোহা।
পূর্ববিরোধের জেরে গত ২ অক্টোবর দক্ষিণ সুরমা উপজেলায় লন্ডনযাত্রার মাত্র তিন দিন আগে হত্যা করা হয় প্রবাসী শাহ মাহির আহমদ রাসেলকে। এর এক মাসের কিছু বেশি সময় পর ৬ নভেম্বর একই উপজেলায় হত্যাকাণ্ডের শিকার হন বিএনপি নেতা গেদা মিয়া ও যুক্তরাষ্ট্রপ্রবাসী নুরুল ইসলাম।
এসব হত্যাকাণ্ডের বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (গণমাধ্যম) মো. মনজুরুল আলম বলেন, মহানগর এলাকায় হত্যাকাণ্ডের সংখ্যা তুলনামূলক কম। তাঁর মতে, অধিকাংশ হত্যাকাণ্ড তাৎক্ষণিক উত্তেজনা ও তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে ঘটছে। সব হত্যাকাণ্ড পূর্বপরিকল্পিত নয়।
তবে কিছু হত্যাকাণ্ডকে উদ্বেগজনক উল্লেখ করে তিনি বলেন, তেতলিতে মসজিদ কমিটি নিয়ে বিরোধের জেরে সংঘটিত হত্যাকাণ্ড এবং কিশোর গ্যাংয়ের তৎপরতা থেকে ঘটে যাওয়া খুনের ঘটনাগুলো বিশেষভাবে উদ্বেগের।
অন্যদিকে, সিলেট জেলার গত ১০ মাসের হত্যাকাণ্ডের পরিসংখ্যান নিয়ে উদ্বেগের কোনো কারণ দেখছেন না পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক। তাঁর দাবি, এ সময়ে রাজনৈতিক কর্মী নিহত হলেও সেসব হত্যাকাণ্ডের পেছনে রাজনৈতিক কোনো কারণ ছিল না। অধিকাংশ হত্যাকাণ্ডের পেছনেই রয়েছে পারিবারিক কলহ।
তিনি আরও বলেন, সামান্য উত্তেজনার বশেই মানুষ অপরাধে জড়িয়ে পড়ছে। অপরাধ নির্মূলে পুলিশের পাশাপাশি সাধারণ মানুষকেও সামাজিকভাবে সচেতন হতে হবে। বিট পুলিশিং কার্যক্রমের মাধ্যমে পুলিশ নিয়মিত এ বিষয়ে সচেতনতা তৈরির চেষ্টা করছে।
তবে পুলিশের দেওয়া হত্যাকাণ্ডের পরিসংখ্যানের সঙ্গে ভিন্নমত পোষণ করেছেন সচেতন নাগরিক কমিটি (সনাক) সিলেটের সভাপতি সৈয়দা শিরীন আক্তার। তাঁর মতে, অনেক হত্যাকাণ্ডের ঘটনা প্রকাশ্যে না আসায় প্রকৃত সংখ্যা সরকারি পরিসংখ্যানের চেয়েও বেশি হতে পারে।
তিনি বলেন, একের পর এক নৃশংস হত্যাকাণ্ডে মানুষের মধ্যে তীব্র আতঙ্ক তৈরি হয়েছে। মানুষ স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তাটুকুও হারিয়ে ফেলছে। বিচারের আগেই হত্যা কিংবা ‘মব’ তৈরি করে পিটিয়ে হত্যার মতো ভয়াবহ প্রবণতা গড়ে উঠেছে।
অন্যদিকে, বিএনপির সিলেট বিভাগের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে বর্তমান সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো সমন্বিতভাবে কাজ করছে।
তিনি আরও বলেন, খুনসহ সাম্প্রতিক অনেক অপরাধের পেছনে পারিবারিক কলহ রয়েছে। এর মূল কারণ নৈতিক ও সামাজিক মূল্যবোধের অবক্ষয়। আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি এ অবক্ষয় রোধেও সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।
সংশ্লিষ্টদের মতে, হত্যাকাণ্ডের পেছনে পারিবারিক বিরোধ, সামাজিক মূল্যবোধের অবক্ষয়, তাৎক্ষণিক উত্তেজনা ও বিভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিরোধ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এসব অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতার পাশাপাশি পারিবারিক ও সামাজিক সচেতনতা বাড়ানোর ওপরও গুরুত্ব দিতে হবে।
আইটি ল্যাব সলিউশন্স লি.