প্রকাশিত: ২২ নভেম্বর, ২০২৬ ২১:৪১ (সোমবার)
গোয়াইনঘাটে অভিযানে ১৭টি লিস্টার মেশিন ও ৩টি জেনারেটর ধ্বংস

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় বালু উত্তোলনে ব্যবহৃত ১৭টি লিস্টার মেশিন ও ৩টি জেনারেটর ধ্বংস বা অকার্যকর করা হয়েছে। পাশাপাশি বালুভর্তি দুটি বাল্কহেডের ইঞ্জিন বিকল করে দেওয়া হয়েছে।

রোববার (২২ নভেম্বর) বিকেল ৩টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৭টা ৩০ মিনিট পর্যন্ত গোয়াইনঘাট থেকে উত্তর হাতিরপাড়া পর্যন্ত বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

 

অভিযান চলাকালে ইসিএভুক্ত বালির হাওর ও নাইন্দার হাওর, মুকতলা, বাংলাবাজার, নয়াগাঙেরপাড় ও বুধিগাঁও এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

এ সময় অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে তিনজনকে আটক করা হয়। তাঁদের মধ্যে একজনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অপর দুজনের কাছ থেকে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত না হওয়ার মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

অভিযানে সহযোগিতা করে গোয়াইনঘাট থানা পুলিশ।

অভিযান পরিচালনার এ তথ্য  নিশ্চিত করে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফাহিম ইবনে ইদ্রিছ জানান, জেলা প্রশাসকের কার্যালয়, সিলেটের পক্ষ থেকে বিষয়টি সদয় অবগতির জন্য পাঠানো হয়েছে।