প্রকাশিত: ২২ নভেম্বর, ২০২৬ ১৮:৫৩ (সোমবার)
সেন্টমার্টিনে ৩দিন পর জাহাজ চলাচল শুরু, ফিরছেন আটকে পড়া পর্যটক

ছবি: সংগৃহীত

টানা তিনদিন বন্ধ থাকার পর আবারও কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে। সাগরের পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় রোববার (২২ নভেম্বর) সকাল থেকে এ রুটে জাহাজ চলাচল পুনরায় চালু করা হয়। প্রথম দিনেই পাঁচটি জাহাজে ১ হাজার ৮৭০ জন পর্যটক সেন্টমার্টিন ভ্রমণে যান। পাশাপাশি দ্বীপে আটকে পড়া ৯ শতাধিক পর্যটককে নিয়ে জাহাজগুলো বিকেলে কক্সবাজারের উদ্দেশে রওনা হয়।

রোববার (২২ নভেম্বর) সকালে কক্সবাজারের বাঁকখালী নদীর নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএ জেটি থেকে সেন্টমার্টিনের উদ্দেশে পাঁচটি পর্যটকবাহী জাহাজ ছেড়ে যায়। এসব জাহাজে করে মোট ১ হাজার ৮৭০ জন পর্যটক দ্বীপটিতে যান।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়জুল ইসলাম জানান, দ্বীপে আটকে থাকা ৯ শতাধিক পর্যটক নিয়ে জাহাজগুলো বিকেল ৪টার দিকে কক্সবাজারের উদ্দেশে যাত্রা শুরু করে। আবহাওয়া ও সাগরের পরিস্থিতি স্বাভাবিক থাকায় পর্যটকেরা নিরাপদে গন্তব্যে পৌঁছাতে পারবেন বলে আশা করা হচ্ছে।

এর আগে ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে সাগর উত্তাল হয়ে উঠলে গত বৃহস্পতিবার থেকে এ নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রাখা হয়। এতে দেড় হাজারের বেশি পর্যটক সেন্টমার্টিন দ্বীপে আটকা পড়েন।

পরে শনিবার কাঠের নৌকায় টেকনাফের শাহপরীর দ্বীপ হয়ে প্রায় ৬০০ পর্যটক কক্সবাজারে ফিরে আসেন।

জাহাজ মালিকদের সংগঠন সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর বলেন, সাগরের পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় রোববার থেকে পুনরায় জাহাজ চলাচল শুরু হয়েছে।

কক্সবাজার আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ আব্দুল হান্নান বলেন, রোববার সকাল থেকে ৩ নম্বর সতর্কসংকেত তুলে নেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হয়েছে।

তিনদিন বন্ধ থাকার পর জাহাজ চলাচল পুনরায় শুরু হওয়ায় সেন্টমার্টিনে পর্যটকদের যাতায়াত স্বাভাবিক হয়েছে। একই সঙ্গে দ্বীপে আটকে পড়া পর্যটকদের নিরাপদে ফিরিয়ে আনার পথও সুগম হয়েছে।