সিলেট নগরীর দাড়িয়াপাড়ায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসভবনের প্রধান ফটকে অগ্নিসংযোগের ঘটনায় দুই যুবককে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।
শনিবার (২১ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে কোতোয়ালী মডেল থানা পুলিশের একটি দল দাড়িয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও স্থানীয় লোকজনের সহায়তায় সন্দেহভাজন হিসেবে তাদের শনাক্ত করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- অপূর্ব বাড়ই (২১) ও দুর্জয় সরকার (২১)। অপূর্ব বাড়ইয়ের বাড়ি বরিশালের আগৈলঝড়া থানার আসকর কালীবাড়ি এলাকায়। তার বর্তমান ঠিকানা সিলেট নগরীর দাড়িয়াপাড়া। অপরদিকে দুর্জয় সরকারের বাড়ি সুনামগঞ্জের দিরাই থানার বলনপুর গ্রামে। তিনিও দাড়িয়াপাড়ার ৬৩/বি নম্বর বাসায় বসবাস করতেন।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২০ নভেম্বর রাত আনুমানিক ২টা ৪৫ মিনিট থেকে ৩টা ২০ মিনিটের মধ্যে দাড়িয়াপাড়ার মেঘনা-এ/২৫, অপর্ণা ভবনে অবস্থিত পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসভবনের প্রধান ফটকে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা পেট্রোল বা কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ও ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়।
ঘটনার পর পুলিশ ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে এবং স্থানীয় লোকজনের সহায়তায় সন্দেহভাজনদের শনাক্ত করে। পরবর্তী সময়ে অভিযান চালিয়ে অপূর্ব বাড়ই ও দুর্জয় সরকারকে গ্রেফতার করা হয়।
পুলিশের প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, গ্রেফতার দুজন ও পলাতক অজ্ঞাতনামা ব্যক্তিরা পারস্পরিক সহযোগিতায় নাশকতা সৃষ্টি, জননিরাপত্তা ও জনশৃঙ্খলা বিঘ্নিত এবং সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে এ ঘটনায় জড়িত থাকতে পারেন।
এ তথ্যটি নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের ডিসি-সিটিএসবি (মিডিয়া) মো, আফজাল হোসেন জানান, এ ঘটনায় কোতোয়ালী মডেল থানার জিডি নম্বর-২১৫৯, এর সূত্র ধরে গ্রেফতার দুজনকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আইটি ল্যাব সলিউশন্স লি.