ছবি: সংগৃহীত
অপ্রয়োজনীয় বিভাগ খুলে শিক্ষিত বেকার তৈরির সুযোগ দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
রোববার (২২ নভেম্বর) ‘ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবোরেশন: সরকারের নীতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান’ শীর্ষক এক সেমিনারে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।
আ ন ম এহছানুল হক মিলন বলেন, বিশ্ববিদ্যালয়কে বেকারত্ব তৈরির কারখানায় পরিণত করা যাবে না। আর এমন কোনো ডিপার্টমেন্ট খুলবেন না, এখন যেগুলো আগে অ্যানাউন্স করে খোলা হয়েছে, শিক্ষক রাজনীতির জন্য খোলা হয়েছে, স্টুডেন্ট পলিটিকসের জন্য খোলা হয়েছে। এমন কোনো ডিপার্টমেন্ট খুলবেন না, যে ডিপার্টমেন্টের প্রয়োজন নেই।
শিক্ষামন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয়ে নতুন বিভাগ খোলার আগে সংশ্লিষ্ট বিষয়ের প্রয়োজনীয়তা, বর্তমান শ্রমবাজারের চাহিদা এবং কর্মসংস্থানের সুযোগ বিবেচনা করতে হবে। কেবল বিভাগ খোলার জন্য বিভাগ খোলা হলে তা শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য সুফল বয়ে আনবে না। এ ক্ষেত্রে যেসব বিভাগের বাস্তব প্রয়োজন নেই, সেগুলো খোলার অনুমতি না দিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) প্রতিও আহ্বান জানান তিনি।
শিক্ষক ও শিক্ষার্থীদের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, শিক্ষকদের কাজ বলা এবং শিক্ষার্থীদের কাজ শোনা। তবে এই বলা ও শোনার প্রক্রিয়ার মধ্য দিয়েই উন্নয়নের পথ তৈরি করতে হবে।
পরীক্ষায় নকল প্রতিরোধের পাশাপাশি উন্নত দেশগুলোর অগ্রগতির পদ্ধতি অনুসরণ করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বেকারত্ব কমানোর বিষয়ে নিজের উদ্যোগের কথা জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, তিনি বিশ্ববিদ্যালয়টির উপাচার্যকে ২০৩০ সালের মধ্যে শিক্ষার্থীদের বেকারত্ব কতটা কমানো সম্ভব, তা জানতে চেয়েছিলেন। এ লক্ষ্য অর্জনে প্রয়োজনীয় বাজেট দেওয়ার আশ্বাসও দিয়েছেন তিনি।
তবে জাতীয় বিশ্ববিদ্যালয় নয় মাসেও বেকারত্বের তালিকা দিতে পারেনি বলে অভিযোগ করেন এহছানুল হক মিলন। তিনি বলেন, বেকারত্ব কমানোর জন্য বাজেট দেওয়ার কথা থাকলেও কার্যত বেকারত্ব তৈরির কারখানা চালানোর বাজেট দিতে হচ্ছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়েও কথা বলেন শিক্ষামন্ত্রী। তিনি জানান, পুনঃপরীক্ষার পর বিশ্ববিদ্যালয়গুলোকে ভর্তি পরীক্ষা নেওয়ার কথা বলেছিলেন। তবে ঢাকা বিশ্ববিদ্যালয় সেই সিদ্ধান্ত মানতে রাজি নয় বলে তিনি জানতে পেরেছেন। এ কারণে তাকে আদালতের দ্বারস্থ হতে হয়েছে বলে জানান তিনি।
আইটি ল্যাব সলিউশন্স লি.