সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ১৬ লাখ ৬২ হাজার ৪০০ টাকা মূল্যের ভারতীয় কম্বল ও চা-পাতাসহ দুইজনকে আটক করা হয়েছে। এ সময় পণ্য পরিবহনে ব্যবহৃত একটি বড় কাভার্ড ভ্যানও জব্দ করা হয়।
শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ২টা ২০ মিনিটে শাহপরাণ (রহ.) থানাধীন পরগনা বাজার এলাকায় সিলেট-তামাবিল মহাসড়কের পাশে নূরুল কুরআন মাদ্রাসার সামনে চেকপোস্ট পরিচালনা করে ডিবি পুলিশ।
এ সময় ঢাকা মেট্রো-ট-২০-০১২৪ নম্বরের একটি কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে ৩৫১ পিস ভারতীয় কম্বল এবং ৩৪ বস্তা ভারতীয় চা-পাতা উদ্ধার করা হয়। উদ্ধার করা পণ্যগুলোর আনুমানিক বাজারমূল্য ১৬ লাখ ৬২ হাজার ৪০০ টাকা।
আটক ব্যক্তিরা হলেন- হবিগঞ্জের চুনারুঘাট থানার নয়ানী এলাকার বাসিন্দা মো. বাবুল খান (৩৫) এবং নোয়াখালী সদর থানার আন্ডারচর এলাকার বাসিন্দা তাওহিদুল ইসলাম (১৯)।
পুলিশ সূত্রে জানা যায়, এ ঘটনায় শাহপরাণ (রহ.) থানায় ২২ নভেম্বর মামলা দায়ের করা হয়েছে। দ্য স্পেশাল পাওয়ার অ্যাক্ট, ১৯৭৪-এর ২৫বি(১)(বি) ও ২৫ডি ধারায় মামলাটি রুজু করা হয়।
আটক দুজনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
আইটি ল্যাব সলিউশন্স লি.