প্রকাশিত: ২২ নভেম্বর, ২০২৬ ১৪:০৪ (সোমবার)
জীবনে একবার হলেও পড়ুন সালাতুত তাসবিহ

ছবি: সংগৃহীত

প্রাপ্তবয়স্ক মুসলমানের ওপর দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা ফরজ। ফরজ নামাজের পাশাপাশি রয়েছে সুন্নত ও নফল নামাজ।

নফল ইবাদতের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং তার নৈকট্য লাভের সুযোগ রয়েছে। এসব নফল নামাজের মধ্যে বিশেষ একটি হলো সালাতুত তাসবিহ।

সালাতুত তাসবিহ অর্থ তাসবিহ পাঠের নামাজ। এ নামাজে বিশেষ একটি তাসবিহ ৩০০ বার পাঠ করতে হয়।

হাদিসে এ নামাজের বিশেষ ফজিলতের কথা বর্ণিত হয়েছে। বর্ণিত হাদিস অনুযায়ী, সালাতুত তাসবিহ আদায়ের মাধ্যমে আল্লাহর কাছে গুনাহ মাফের আবেদন করা যায়।
নামাজে পাঠ করা তাসবিহটি হলো—
আরবি:

سُبْحَانَ اللَّهِ، وَالْحَمْدُ لِلَّهِ، وَلَا إِلَهَ إِلَّا اللَّهُ، وَاللَّهُ أَكْبَرُ

উচ্চারণ: সুবহানাল্লাহি, ওয়াল হামদু লিল্লাহি, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু, ওয়াল্লাহু আকবার।

অর্থ: আল্লাহ পবিত্র, সব প্রশংসা আল্লাহর জন্য। আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং আল্লাহ সর্বশ্রেষ্ঠ।

সালাতুত তাসবিহ সম্পর্কে হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত হয়েছে, রাসুলুল্লাহ (সা.) একদিন তাঁর চাচা আব্বাস ইবনে আবদুল মুত্তালিবকে (রা.) বললেন, ‘হে আমার সম্মানিত চাচা! আমি কি আপনাকে এমন একটি আমলের কথা জানাব, যার মাধ্যমে আল্লাহ আপনার দশ ধরনের উপকার করবেন? আপনি আমলটি করলে আল্লাহ আপনার অতীত ও ভবিষ্যতের, নতুন ও পুরোনো, ইচ্ছাকৃত ও অনিচ্ছাকৃত, ছোট ও বড় এবং গোপন ও প্রকাশ্য গুনাহ ক্ষমা করে দেবেন। আমলটি হলো সালাতুত তাসবিহ।’
 
এরপর রাসুলুল্লাহ (সা.) তাকে এই নামাজ প্রতিদিন একবার আদায় করতে বলেন। তা সম্ভব না হলে প্রতি শুক্রবার, তাও সম্ভব না হলে প্রতি মাসে একবার, এরপর প্রতিবছর একবার এবং সবশেষে জীবনে অন্তত একবার আদায় করার পরামর্শ দেন। (সুনানে আবু দাউদ, হাদিস: ১২৯৯)

সালাতুত তাসবিহ আদায়ের নিয়ম

সালাতুত তাসবিহ চার রাকাতের নফল নামাজ। অন্য সাধারণ নফল নামাজের মতোই এ নামাজ আদায় করতে হয়। তবে পার্থক্য হলো, প্রতি রাকাতে নির্দিষ্ট নিয়মে বিশেষ তাসবিহটি ৭৫ বার পাঠ করতে হয়। চার রাকাতে মোট ৩০০ বার তাসবিহ পড়তে হয়।

প্রতি রাকাতে সুরা ফাতিহা ও অন্য একটি সুরা পড়ার পর তাসবিহটি ১৫ বার পাঠ করতে হবে। এরপর রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পড়ার পর ১০ বার, রুকু থেকে উঠে দাঁড়ানোর পর ১০ বার তাসবিহ পড়তে হবে।

এরপর প্রথম সিজদায় গিয়ে সিজদার তাসবিহ পড়ার পর ১০ বার, দুই সিজদার মাঝখানে বসে ১০ বার, দ্বিতীয় সিজদায় গিয়ে সিজদার তাসবিহ পড়ার পর ১০ বার এবং দ্বিতীয় সিজদা থেকে উঠে বসে ১০ বার তাসবিহ পাঠ করতে হবে। এভাবে প্রতি রাকাতে মোট ৭৫ বার তাসবিহ পূর্ণ হবে।

তাসবিহ গণনায় সতর্কতা

সালাতুত তাসবিহ আদায়ের সময় তাসবিহ গণনায় মনোযোগী থাকতে হবে। গণনার ক্ষেত্রে নামাজের স্বাভাবিক একাগ্রতা যেন নষ্ট না হয়, সেদিকে খেয়াল রাখা জরুরি। এ বিষয়ে ফিকহের কিতাবগুলোতে আঙুলের ইশারায় তাসবিহ গণনার পদ্ধতি উল্লেখ রয়েছে।

কোনো রোকনে তাসবিহের সংখ্যা কম-বেশি হলে তা পরবর্তী রোকনে পূরণ করার বিষয়ে ফিকহি নির্দেশনা রয়েছে। তবে রুকু থেকে ওঠার পর এবং দুই সিজদার মধ্যবর্তী সময়ে অতিরিক্ত তাসবিহ পূরণ না করার বিষয়ে বিশেষ সতর্কতা উল্লেখ করা হয়েছে। (ফতোয়া শামি, ২/৫০)

সালাতুত তাসবিহের ফজিলত সম্পর্কে হাদিসে এসেছে, এ নামাজের মাধ্যমে গুনাহ মাফ হয়, এমনকি গুনাহ সমুদ্রের ফেনার মতো বেশি হলেও। (সুনানে আবু দাউদ, হাদিস: ১২৯৭)

কখন আদায় করবেন সালাতুত তাসবিহ

নফল নামাজের নিষিদ্ধ সময়গুলো ছাড়া অন্য যেকোনো সময় সালাতুত তাসবিহ আদায় করা যায়। বিশেষ করে রাতের বেলা বা তাহাজ্জুদের সময় এ নামাজ আদায় করা যেতে পারে।

নামাজ শুরুর আগে মনে মনে চার রাকাত সালাতুত তাসবিহ আল্লাহর সন্তুষ্টির জন্য আদায়ের সংকল্প করলেই নিয়ত হয়ে যাবে। নিয়ত মুখে উচ্চারণ করা বাধ্যতামূলক নয়।

নিয়মিত ফরজ নামাজ আদায়ের পাশাপাশি নফল ইবাদতের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করা প্রত্যেক মুমিনের জন্য কল্যাণকর। সালাতুত তাসবিহও হতে পারে আত্মশুদ্ধি ও ক্ষমা প্রার্থনার একটি বিশেষ আমল।