ছবি: সংগৃহীত
সুনামগঞ্জের শাল্লা উপজেলার নিজগাঁও গ্রামে সংঘর্ষে একজন নিহত হওয়ার পর ৩৫টি বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় লুট হওয়া ২ লাখ ৫৩ হাজার টাকা মূল্যের মালামাল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে নিহত আব্দুল মন্নানের দুই ছেলে মানিক মিয়া ও মনোয়ার হোসেনকে আটক করা হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) খালিয়াজুড়ি উপজেলার মরা নদীর পাড় থেকে এসব মালামাল উদ্ধার করে খালিয়াজুড়ি থানা পুলিশ। পরে আটক দুজন ও উদ্ধার করা মালামাল শাল্লা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩১ অক্টোবর জমিসংক্রান্ত বিরোধের জেরে নিজগাঁও গ্রামের আজব আলী ও রূপ মিয়ার পক্ষের লোকজনের মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয়। এতে আজব আলীর পক্ষের আব্দুল মন্নান (৬৫) নিহত হন। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ থেকে ১৫ জন আহত হন। এ ঘটনার পরের রাত থেকে আজব আলীর পক্ষের ৩৫টি বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ওঠে রূপ মিয়ার পক্ষের লোকজনের বিরুদ্ধে। এ ঘটনায় আজব আলীর পক্ষের সেজু মিয়া বাদী হয়ে শাল্লা থানায় লুটপাটের মামলা করেন।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২১ নভেম্বর) খালিয়াজুড়ি উপজেলার মরা নদীর পাড়ে অভিযান চালায় খালিয়াজুড়ি থানা পুলিশ। এ সময় লুট হওয়া একটি ধান মাড়াইয়ের (বোমা) মেশিন, দুটি ইঞ্জিন, সাতটি ট্রলির চাকা, দুটি টিউবওয়েল পাম্প ও একটি ট্রলির বডি উদ্ধার করা হয়। উদ্ধার করা এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৫৩ হাজার টাকা। এ সময় নিজগাঁও গ্রামের মানিক মিয়া ও মনোয়ার হোসেনকে আটক করা হয়। তারা নিহত আব্দুল মন্নানের ছেলে এবং সম্পর্কে আপন ভাই।
স্থানীয় বাসিন্দা হাফিজুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খালিয়াজুড়ি থানা পুলিশ কিছু মালামালসহ দুজনকে আটক করেছে। তারা বর্তমানে শাল্লা থানা পুলিশের হেফাজতে রয়েছেন।
তিনি আরও বলেন, রূপ মিয়া সবসময় লুটপাটের বিরোধিতা করেছেন।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক বাসিন্দা বলেন, সংঘর্ষের পর যেভাবে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে, তা অত্যন্ত দুঃখজনক। নিরীহ মানুষের বাড়িঘরে হামলা চালিয়ে মালামাল লুটের ঘটনায় জড়িতদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনা প্রয়োজন। পাশাপাশি অন্য কোথাও লুট হওয়া মালামাল রাখা হয়েছে কি না, তা-ও খতিয়ে দেখা দরকার।
উদ্ধার অভিযানে অংশ নেওয়া শাল্লা থানার উপপরিদর্শক (এসআই) শাহজাহান জানান, উদ্ধার হওয়া মালামাল পেয়ে মামলার বাদীপক্ষের লোকজন সন্তোষ প্রকাশ করেছেন। লুট হওয়া আরও মালামাল উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সুহেল বলেন, খালিয়াজুড়ি থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে লুট হওয়া কিছু মালামাল উদ্ধার করেছে। এ ঘটনায় দুজনকে আটক করে শাল্লা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। উদ্ধার হওয়া মালামাল যাচাই-বাছাই করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত এবং বাকি মালামাল উদ্ধারে পুলিশি কার্যক্রম অব্যাহত রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আইটি ল্যাব সলিউশন্স লি.