প্রকাশিত: ২১ নভেম্বর, ২০২৬ ১৬:৩৮ (রবিবার)
৩ দিন ধরে জাহাজ চলাচল বন্ধ, সেন্টমার্টিন থেকে ট্রলারে ফিরলেন ৪৫০ পর্যটক

ছবি সংগৃহীত :

বৈরী আবহাওয়ার কারণে টানা তিন দিন ধরে কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রয়েছে। এতে দ্বীপে আটকা পড়া পর্যটকদের মধ্যে সাড়ে ৪০০ জন ঝুঁকি নিয়ে ট্রলারে করে টেকনাফে ফিরেছেন। 

শনিবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ১২টি ট্রলারে করে তারা দ্বীপ ছাড়েন। তবে ট্রলারের সংকট থাকায় এখনো অনেক পর্যটক সেন্টমার্টিন জেটিঘাটে অপেক্ষা করছেন।

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে বঙ্গোপসাগর উত্তাল হয়ে ওঠায় গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) থেকে কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে জাহাজ চলাচল বন্ধ রাখার নির্দেশ দেয় প্রশাসন। শুক্রবারও জাহাজ চলেনি।  শনিবারও নিয়মিত পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রয়েছে। ফলে ১৭ ও ১৮ নভেম্বর দ্বীপে বেড়াতে যাওয়া প্রায় এক হাজার পর্যটক সেখানে আটকা পড়েন।

বিকেল ৩টার দিকে টেকনাফ-সেন্টমার্টিন ট্রলার মালিক সমিতির সভাপতি আব্দুর রশিদ বলেন, বৈরী আবহাওয়ার কারণে অনেক পর্যটক দ্বীপে আটকা পড়েছেন। তাদের কারও কারও আর্থিক সংকট দেখা দিয়েছে। এসব বিষয় বিবেচনায় নিয়ে স্থানীয় প্রশাসনের অনুমতি নিয়ে সকাল থেকে ট্রলারে করে পর্যটকদের ফিরিয়ে নেওয়া হচ্ছে। প্রতিটি ট্রলারে ৩০ থেকে ৩৫ জন করে এখন পর্যন্ত প্রায় সাড়ে ৪ শ জন পর্যটক টেকনাফের উদ্দেশে রওনা হয়েছেন। ট্রলারের সংকট থাকায় আরও অনেক পর্যটক জেটিঘাটে অপেক্ষা করছেন।


দ্বীপের জেটিঘাটে পরিবারের সদস্যদের নিয়ে অপেক্ষা করছিলেন রাজশাহী থেকে আসা পর্যটক খলিলুর রহমান। তিনি বলেন, পরিবারের নয় সদস্যকে নিয়ে আনন্দ ভ্রমণে সেন্টমার্টিনে এসেছিলেন। কিন্তু বৈরী আবহাওয়ার কারণে জাহাজ চলাচল বন্ধ হয়ে যাওয়ায় দ্বীপে আটকা পড়েছেন। আনন্দ ভ্রমণ এখন দুর্ভোগে পরিণত হয়েছে। ভ্রমণের জন্য সঙ্গে আনা টাকাও শেষ হয়ে গেছে। তাই যেকোনো উপায়ে দ্বীপ ছাড়তে চান। এখন ট্রলারের জন্য অপেক্ষা করছেন।

সেন্টমার্টিনের সৈকতকর্মী নুরুল আমিন বলেন, দ্বীপে এসে অনেক পর্যটক আটকা পড়েছেন। শনিবার সকাল থেকে তাদের অনেকে ট্রলারে করে টেকনাফের উদ্দেশে রওনা হয়েছেন। এরই মধ্যে ১০টি ট্রলার দ্বীপ ছেড়েছে।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজুল ইসলাম বলেন, বৈরী আবহাওয়ার কারণে আটকে পড়া পর্যটকদের মধ্যে যারা ফিরতে চান, তারা ট্রলারে করে টেকনাফে চলে যাচ্ছেন। সেন্টমার্টিন জেটিঘাট থেকে ট্রলারে উঠে তারা টেকনাফের শাহপরীর দ্বীপ জেটিঘাটে পৌঁছাবেন। যারা দ্বীপে থাকতে চান, তারা সেখানে অবস্থান করছেন। কক্সবাজার থেকে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হলে অবশিষ্ট পর্যটকেরা জাহাজে করে কক্সবাজার ফিরতে পারবেন।