ছবি সংগৃহীত :
সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের ছাতকে পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে লুৎফুর রহমান (৩৯) নামে এক ডিপ্লোমা প্রকৌশলী নিহত হয়েছেন।
শুক্রবার (২০ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার চৌকা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত লুৎফুর রহমান সিলেটের বিশ্বনাথ উপজেলার দিঘলী গ্রামের বাসিন্দা। তিনি গোবিন্দগঞ্জ এলাকায় সুনামগঞ্জ-সিলেট সড়কের পাশে অবস্থিত আলী ফিলিং স্টেশনে চাকরি করতেন। তাঁর স্ত্রী ও এক বছর বয়সী যমজ দুই ছেলে রয়েছে।
নিহতের মামা মেজর ওবায়দুল হক মিলন জানান, শান্তিগঞ্জ উপজেলার দামোধরতপি গ্রামে লুৎফুর রহমানের শ্বশুরবাড়ি। শুক্রবার রাতে কর্মস্থল গোবিন্দগঞ্জ থেকে মোটরসাইকেলযোগে শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন তিনি। পথে চৌকা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে তাঁর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি সড়কের পাশে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
জয়কলস হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাবিবুর রহমান দুর্ঘটনায় একজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনার পর পিকআপের চালক পালিয়ে গেলেও গাড়িটি জব্দ করেছে পুলিশ। নিহতের মরদেহ থানায় রাখা হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্ত্রী ও অবুঝ দুই যমজ সন্তান রেখে ডিপ্লোমা প্রকৌশলী লুৎফুর রহমানের এমন আকস্মিক মৃত্যুতে স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
আইটি ল্যাব সলিউশন্স লি.