প্রকাশিত: ২১ নভেম্বর, ২০২৬ ১২:২৯ (সোমবার)
যুবলীগের ২ কর্মী আটক, তাজা ককটেল উদ্ধার

ছবি সংগৃহীত :

রাজধানীর মোহাম্মদপুরে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের দুই কর্মী আটকের পর তাদের দেওয়া তথ্যে দুটি তাজা ককটেল উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২১ নভেম্বর) দিবাগত রাত ১টা ৪৫ মিনিটে মোহাম্মদপুর থানার চন্দ্রিমা মডেল টাউনের ৯ নম্বর সড়কের শেষ মাথায় নদীর পাড়ের ওয়াকওয়ে-সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

পরে তাদের তথ্যের ভিত্তিতে প্লাস্টিকের বস্তা দিয়ে ঢাকা এবং লাল কসটেপে মোড়ানো দুটি তাজা ককটেল উদ্ধার হয় বলে জানান মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবদুল হালিম।

আটককৃতরা হলেন- যুবলীগ কর্মী মো. মেহেদী হাসান সোহেল (৩০) ও মো. রনি ওরফে গ্যাস রনি (২৮)।

ওসি আবদুল হালিম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুর থানার এসআই রাজু আহমেদ ও আমিরুজ্জামানের নেতৃত্বে অভিযান চালানো হয়। পরে আটক দুজনের দেখানো মতে ককটেল দুটি উদ্ধার করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’


পুলিশের ভাষ্য, মোহাম্মদপুরের ৩৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রাজীবের নির্দেশে তার সহযোগী সুমন ও সাহিনের নেতৃত্বে আটক দুজনসহ অজ্ঞাতনামা আরও কয়েকজন ককটেল বিস্ফোরণের প্রস্তুতি নিচ্ছিলেন।

আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে নানা সময় বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িত থাকার কথা জানিয়েছেন বলেও পুলিশের দাবি।