প্রকাশিত: ২১ নভেম্বর, ২০২৬ ১১:৩৮ (রবিবার)

২০২৭ এশিয়া কাপের আগে বাংলাদেশে পাকিস্তান ও শ্রীলঙ্কাকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ আয়োজনের প্রস্তাব দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রস্তাবটি নিয়ে ইতিবাচক সাড়া দিয়েছে পাকিস্তান ও শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড।

 

 

তবে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি।

শুক্রবার (২০ নভেম্বর) ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সম্প্রতি বালিতে অনুষ্ঠিত আইসিসির সভার সময় পাকিস্তান ও শ্রীলঙ্কার কাছে এই প্রস্তাব দেয় বিসিবি।
বিসিবির এক কর্মকর্তা ক্রিকবাজকে জানিয়েছেন, দুই দেশের ক্রিকেট বোর্ডের কাছ থেকেই ইতিবাচক সাড়া পাওয়া গেছে।

তবে সিরিজটি আয়োজনের বিষয়ে এখনো আলোচনা চলছে। দুই বোর্ডের চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত এটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা সম্ভব নয়।

ওই কর্মকর্তা বলেন, ‘আমরা এশিয়া কাপের আগে বাংলাদেশে একটি ত্রিদেশীয় সিরিজ খেলতে পাকিস্তান ও শ্রীলঙ্কাকে প্রস্তাব দিয়েছি। দুই দেশই বেশ ইতিবাচক সাড়া দিয়েছে।’

তিনি আরও বলেন, ‘এটি আমাদের পক্ষ থেকে দেওয়া একটি প্রস্তাব। দুই দেশই বিষয়টি বিবেচনা করছে। তারা অংশ নেবে কি না, সে বিষয়ে পরে আমাদের জানাবে। তাই এখনই সিরিজটি ঘোষণা করা সম্ভব নয়।’

এর আগে শুক্রবার পাকিস্তানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি মহসিন নকভি জানিয়েছিলেন, পরবর্তী বিশ্বকাপের আগে বাংলাদেশ ত্রিদেশীয় সিরিজ আয়োজনের প্রস্তাব দিয়েছে। তবে বিসিবির কর্মকর্তারা জানিয়েছেন, সিরিজের সময় নিয়ে নকভির দেওয়া তথ্য সঠিক নয়। তাদের পরিকল্পনা অনুযায়ী, সিরিজটি আয়োজন করা হবে ২০২৭ এশিয়া কাপের আগে।

২০২৭ সালের ১৮ জুন থেকে ৪ জুলাই পর্যন্ত এশিয়া কাপ আয়োজনের সূচি রয়েছে বাংলাদেশের। এবারের আসরটি হবে বাংলাদেশে। ২০১৬ সালের পর আবারও এশিয়া কাপ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ। সেবারও টুর্নামেন্টটি হয়েছিল টি-টোয়েন্টি ফরম্যাটে। স্বাগতিক বাংলাদেশ সেবার ফাইনালে উঠলেও ভারতের কাছে হেরে রানার্সআপ হয়েছিল।

২০২৭ এশিয়া কাপ হবে তামিম ইকবালের নেতৃত্বে বিসিবির আয়োজনে প্রথম বড় আন্তর্জাতিক টুর্নামেন্ট। এর আগে পাকিস্তান ও শ্রীলঙ্কার সঙ্গে ত্রিদেশীয় সিরিজ আয়োজন করতে পারলে এশিয়া কাপের প্রস্তুতির পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেটে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ পাবে বাংলাদেশ।