ছবি সংগৃহীত :
মেহেরপুরের গাংনী উপজেলার রংমহল সীমান্ত দিয়ে চার বাংলাদেশিকে পুশ-ইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির বাধার মুখে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ হলে চারজনকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নেয় বিএসএফ।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত আনুমানিক ২টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীন রংমহল বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
৪৭ বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল ইফতেখারুজ্জামানের বরাত দিয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়, সীমান্তে নিয়োজিত বিজিবির টহল দলের সতর্ক অবস্থান ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চারজন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা শনাক্ত করা হয়।
তাৎক্ষণিকভাবে বিজিবি সদস্যরা অবস্থান নিয়ে বিএসএফের এ অপচেষ্টা প্রতিহত করেন। পরে বিজিবির অধিনায়কের দিকনির্দেশনা ও কার্যকর উদ্যোগে বিজিবির দৃঢ় অবস্থানের মুখে সকাল আনুমানিক ৭টা ৪৫ মিনিটে বিএসএফের ১১ ব্যাটালিয়নের দীঘলকান্দি ক্যাম্প চারজনকে ভারতের কাঁটাতারের বেড়ার অভ্যন্তরে ফিরিয়ে নেয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এ ঘটনায় সীমান্ত এলাকায় বিজিবির টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছে।
বর্তমানে ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক ও বিজিবির নিয়ন্ত্রণে রয়েছে।
আইটি ল্যাব সলিউশন্স লি.