ছবি সংগৃহীত :
চ্যাটজিপিটি, জেমিনিসহ আরও ২ কোম্পানির নিরাপত্তা ত্রুটি নিয়ে উদ্বেগ
চ্যাটজিপিটি, ক্লড, জেমিনি ও গ্রোকের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
চ্যাটজিপিটি, ক্লড, জেমিনি ও গ্রোকের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের সরকারি তদন্তে দেখা গেছে, বিধিনিষেধ থাকা সত্ত্বেও এই চার কৃত্রিম বুদ্ধিমত্তা প্ল্যাটফর্ম থেকে বড় ধরনের হামলার পরিকল্পনা সংক্রান্ত তথ্য পাওয়া সম্ভব হতে পারে।
ওয়াশিংটন থেকে পাওয়া তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের সরকারি সংস্থা গভর্নমেন্ট অ্যাকাউন্টেবিলিটি অফিসের একটি গোপন পরীক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তার চারটি জনপ্রিয় প্ল্যাটফর্মের নিরাপত্তা দুর্বলতা উঠে এসেছে। গবেষকেরা দেখিয়েছেন, কীভাবে নিরাপত্তার বাধা এড়িয়ে ঝুঁকিপূর্ণ পরিকল্পনা সম্পর্কিত তথ্য সংগ্রহ করা সম্ভব। নিউ হ্যাম্পশায়ারের সিনেটর ম্যাগি হাসানের অনুরোধে ২০২৬ সালের মে মাসে এই পরীক্ষা চালানো হয়েছিল। সিনেটের অভ্যন্তরীণ নিরাপত্তা ও সরকারি বিষয়ক কমিটির ভবিষ্যৎ চেয়ারম্যান হিসেবে বাণিজ্যিক কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবস্থা দিয়ে হামলার ছক কষা যায় কি না, তা যাচাই করাই ছিল এর মূল লক্ষ্য।
গত ১৮ নভেম্বর প্রকাশিত তদন্ত প্রতিবেদনে জানানো হয়েছে, চারটি প্ল্যাটফর্মই এমন তথ্য দিয়েছে, যা কাজে লাগিয়ে ১২ ঘণ্টার মধ্যেই হামলার পরিকল্পনা তৈরি করা সম্ভব হতে পারে। অথচ ক্ষতিকর তথ্য ঠেকাতে প্রতিটি ব্যবস্থাতেই নিজস্ব সুরক্ষা কৌশল রয়েছে।
সিনেটর হাসানের প্রকাশ করা বিবৃতি অনুযায়ী, শুরুতে চারটি কৃত্রিম বুদ্ধিমত্তা প্ল্যাটফর্মই ঝুঁকিপূর্ণ প্রশ্নের জবাব দিতে অস্বীকৃতি জানিয়েছিল। কিন্তু পরে নিরাপত্তার সীমাবদ্ধতা কাটিয়ে এমন তথ্য দিয়েছে, যা ব্যবহার করে কেউ নাশকতার পরিকল্পনা সাজাতে পারে।
সরকারি এই পরীক্ষায় মূলত দুটি সম্ভাব্য পরিস্থিতির কথা ধরা হয়েছিল। প্রথমটি ছিল ঘরে তৈরি বিস্ফোরক দিয়ে বড় প্রাণহানির পরিকল্পনা তৈরি করা। দ্বিতীয়টি ছিল যুক্তরাষ্ট্রের বড় শহরগুলোর বিদ্যুৎ ব্যবস্থায় আঘাত হেনে ব্যাপক অর্থনৈতিক ক্ষতি সাধনের উপায় খোঁজা।
প্রতিবেদনে বলা হয়েছে, শেষ পর্যন্ত প্ল্যাটফর্মগুলো সম্ভাব্য সময়, মানচিত্র, চিত্র এবং কীভাবে বেশি ক্ষতি করা যায়, সে বিষয়েও ধারণা দিয়েছে। একটি ক্ষেত্রে একটি প্ল্যাটফর্ম নির্দিষ্ট একটি শহরে হামলার দিন ও সময় পর্যন্ত উল্লেখ করেছিল, যখন সেখানে বিভিন্ন স্থানে বড় জনসমাগমের কথা ছিল।
এ ছাড়া দুটি প্ল্যাটফর্ম গাড়ি ব্যবহার করে বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনার কথা বলেছিল এবং আরেকটি প্ল্যাটফর্ম সম্ভাব্য স্থান হিসেবে হোটেলের পার্কিং গ্যারাজের নাম উল্লেখ করেছিল। তদন্তে দেখা গেছে, প্রথমে জবাব না দিলেও ১২ ঘণ্টারও কম সময়ে চারটি প্ল্যাটফর্ম থেকেই এসব তথ্য পাওয়া গিয়েছিল।
এই ফলাফলকে জননিরাপত্তার জন্য বড় সতর্কবার্তা হিসেবে দেখছেন সিনেটর ম্যাগি হাসান। তার মতে, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ভুল মানুষের হাতে গেলে তার ফল কতটা গুরুতর হতে পারে, তা এই ঘটনায় স্পষ্ট হয়েছে।
দ্যা ইউকে ইন্ডিপেন্ডেন্টের প্রতিবেদন অনুযায়ী তিনি বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে জননিরাপত্তার ঝুঁকি আর কেবল তাত্ত্বিক কোনো বিষয় নয়। আগে যে ধরনের তথ্য পেতে দীর্ঘ গবেষণা ও পরিকল্পনার প্রয়োজন হতো, উন্মুক্ত কৃত্রিম বুদ্ধিমত্তা প্ল্যাটফর্ম ব্যবহার করে কেউ সহজেই তা পেতে পারে।
হাসানের ভাষায়, একজন হামলাকারী কোনো কৃত্রিম বুদ্ধিমত্তা প্ল্যাটফর্মে ঢুকে ১২ ঘণ্টারও কম সময়ে প্রাণঘাতী হামলার একটি নির্দিষ্ট পরিকল্পনা নিয়ে বেরিয়ে আসতে পারে। আইনসভা এখনই পদক্ষেপ না নিলে কেউ এই প্রযুক্তি ব্যবহার করে হামলার পরিকল্পনা করবে কি না, তা নয় বরং কবে করবে, সেটিই বড় প্রশ্ন হয়ে দাঁড়াবে। ২০২৭ সালের জানুয়ারিতে কংগ্রেসের নতুন অধিবেশন শুরু হলে কৃত্রিম বুদ্ধিমত্তা সংশ্লিষ্ট জাতীয় নিরাপত্তার বিষয়টি অন্যতম প্রধান আলোচনায় আসবে বলে তিনি জানিয়েছেন।
তবে অপব্যবহারের ঝুঁকির কথা ভেবে তদন্তে কী প্রশ্ন করা হয়েছিল বা কোন প্ল্যাটফর্ম কী জবাব দিয়েছিল, তার বিস্তারিত প্রকাশ করা হয়নি। এই পরীক্ষায় বাস্তবে কোনো হামলা চালানো হয়নি এবং চারটির মধ্যে কোন ব্যবস্থাটি বেশি অনিরাপদ, তাও নির্ধারণ করা যায়নি।
অন্যদিকে ওপেনএআই, অ্যানথ্রপিক, গুগল ও এক্সএআই এই চার প্রতিষ্ঠানই আরও শক্তিশালী নিরাপত্তার প্রয়োজনীয়তা স্বীকার করেছে। তাদের পক্ষ থেকে বলা হয়েছে, মডেলের সুরক্ষা জোরদার করা, নজরদারি বাড়ানো এবং ক্ষতিকর ব্যবহার রোধে নিয়মিত কাজ চলছে।
প্রযুক্তির দ্রুত অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে সুরক্ষা ব্যবস্থা ততটা দ্রুত এগোচ্ছে না বলে এই তদন্তে ইঙ্গিত মিলেছে। তাই ভবিষ্যতে অপব্যবহার ঠেকাতে স্বাধীন বিশেষজ্ঞদের মাধ্যমে নিয়মিত নিরাপত্তা পরীক্ষা, দুর্বলতা শনাক্তকরণ, সন্দেহজনক ব্যবহার চিহ্নিত করা এবং কঠোর নীতিমালা কার্যকর করা জরুরি হয়ে উঠেছে। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবস্থা আরও স্বয়ংক্রিয় হয়ে ওঠার প্রেক্ষাপটে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এসব পদক্ষেপ গুরুত্বপূর্ণ।
আইটি ল্যাব সলিউশন্স লি.