প্রকাশিত: ২০ নভেম্বর, ২০২৬ ১৫:২২ (শনিবার)
এসআরবি ও বিজিবির ডিজিদের নিয়ে গোপালগঞ্জে আইজিপি

ছবি সংগৃহীত :

গোপালগঞ্জে জেলার সার্বিক আইনশৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনে গোপালগঞ্জে পৌঁছেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) মহাপরিচালক ফারুক আহমেদ।

শুক্রবার (২০ নভেম্বর ২০২৬) সকালে গোপালগঞ্জে পৌঁছান তারা। তাদের সঙ্গে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীও রয়েছেন।

সূত্র জানায়, পুলিশ মহাপরিদর্শক ও দুই বাহিনীর ডিজি জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করবেন। এসময় সাম্প্রতিক সহিংসতায় ক্ষতিগ্রস্ত ও পুড়ে যাওয়া থানাগুলোও পরিদর্শন করবেন তারা। পাশাপাশি জেলা পুলিশের আয়োজনে বিশেষ সভায় অংশ নেওয়ার কথা রয়েছে তাদের।

এদিকে, গত কয়েকদিনের সহিংসতার পর বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত থেকে গোপালগঞ্জের পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। রাত থেকে কোথাও কোন নতুন করে কোন ধরনের সহিংসতার খবর পাওয়া যায়নি।

শুক্রবার (২০ নভেম্বর) সকালে জেলা শহরের বিভিন্ন স্থান ঘুরে দেখা গেছে, রাত থেকেই বৃষ্টি হওয়ায় সকাল পর্যন্ত জেলার কোথায়ও আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের মিছিল বা ভাঙচুর করার খবর পাওয়া যায়নি। তবে জেলা শহরে ঔষধ ও খাবারের দোকান ছাড়া বাকি দোকানপাট বন্ধ রয়েছে।

শহরের সড়কগুলো দিয়ে রিকশা ও ইজিবাইক চললেও অন্যান্য যানবাহন চলাচল করতে দেখা যায়নি। গত কয়েক দিনের সহিংতায় শহরে সাধারণ মানুষর উপস্থিতি কম। খুব প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হচ্ছে না। ফলে শহরের রাস্তা-ঘাট পুরোপুরি ফাঁকা।