প্রকাশিত: ২০ নভেম্বর, ২০২৬ ১৪:৫৭ (শনিবার)
সুনামগঞ্জে কেন্দ্রীয় যুবদল নেতার দোকানে আগুন

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় যুবদলের কেন্দ্রীয় নেতা মাহবুবুর রহমানের ফার্নিচার মার্কেটে আগুন লেগেছে।

শুক্রবার (২০ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে এ আগুন লাগে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন যুবদল নেতা মাহবুবুর রহমান। তবে কে বা কারা আগুন দিয়েছে তা জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ১টার দিকে ফার্নিচার মার্কেটে আগুন দেখতে পান স্থানীয় লোকজন। পরে তারা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে অগ্নিকাণ্ডে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জামালগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুম মাহমুদ তালুকদার। তিনি এ ধরনের ন্যক্কারজনক ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে প্রশাসনকে আরও সতর্ক ও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান।

এ বিষয়ে জানতে জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বন্দে আলীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।