সুনামগঞ্জ পৌর শহরের আলীপাড়ায় নির্মাণ করা হয়েছে হাওরাঞ্চলের ডায়াবেটিস রোগীদের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে ৫০ শয্যাবিশিষ্ট ডায়াবেটিস হাসপাতাল। তবে নির্মাণকাজ শেষ হওয়ার প্রায় এক বছর পেরিয়ে গেলেও এখনো চালু হয়নি হাসপাতালটি। ১৭ কোটি ৭০ লাখ টাকা ব্যয়ে নির্মিত ভবনটি প্রয়োজনীয় ফার্নিচার ও চিকিৎসা-যন্ত্রপাতির অভাবে পড়ে রয়েছে অব্যবহৃত। ফলে হাসপাতাল নির্মাণের সুফল থেকে বঞ্চিত হচ্ছেন জেলার ডায়াবেটিস রোগীরা।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অর্থায়নে এবং সুনামগঞ্জ ডায়াবেটিস সমিতির যৌথ উদ্যোগে প্রকল্পটি বাস্তবায়ন করা হয়। ভবন নির্মাণের দায়িত্বে ছিল স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। ২০২০ সালের মার্চে ১১ কোটি ৭৯ লাখ টাকার চুক্তিতে নির্মাণকাজ শুরু করে সংস্থাটি। ২০২১ সালের সেপ্টেম্বরে কাজ শেষ হওয়ার কথা থাকলেও নানা জটিলতায় তা শেষ করতে সময় লাগে ২০২৫ সাল পর্যন্ত।
নির্মাণকাজ শেষ হওয়ার পর ভবনের কয়েকটি স্থানের সীমানাপ্রাচীর ও মেঝেতে ফাটল দেখা দিয়েছে। এসব ত্রুটি থাকায় শর্তসাপেক্ষে ভবনটি বুঝে নিয়েছে সুনামগঞ্জ ডায়াবেটিস সমিতি। তবে এখন পর্যন্ত প্রয়োজনীয় ফার্নিচার ও চিকিৎসা-যন্ত্রপাতি সমিতির কাছে হস্তান্তর করা হয়নি।
এদিকে দীর্ঘদিন ধরে হাসপাতালটি খালি পড়ে থাকায় সন্ধ্যার পর সেখানে মাদকসেবীদের আনাগোনা বাড়ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা।
হাসপাতালের জন্য জমি দানকারী পরিবারের সন্তান মো. সাদেক খন্দকার বলেন, ‘সুনামগঞ্জবাসীর কল্যাণের স্বপ্ন নিয়ে আমার বাবা জমি দান করেছিলেন। নির্মাণকাজ শেষ হওয়ার এক বছর পেরিয়ে গেলেও সেবা শুরু না হওয়ায় আমরা হতাশ। এখানে চিকিৎসাসেবা চালু হলে এলাকার মানুষের অনেক উপকার হবে। দ্রুততম সময়ের মধ্যে হাসপাতালটি চালুর দাবি জানাই।’
স্থানীয় বাসিন্দা নিজাম উদ্দিন বলেন, ‘সুনামগঞ্জে ডায়াবেটিস রোগীদের সামান্য সমস্যা হলেও সিলেটে যেতে হয়। হাওরাঞ্চলের অধিকাংশ মানুষ কৃষক পরিবারের। হাসপাতালটি চালু হলে দরিদ্র রোগীদের চিকিৎসার জন্য আর সিলেট কিংবা ঢাকায় ছুটতে হবে না। এতে তাদের অর্থ ও সময় দুটোই সাশ্রয় হবে।’
সচেতন মহলের মতে, জনগণের চিকিৎসাসেবার জন্য নির্মিত একটি হাসপাতাল বছরের পর বছর অব্যবহৃত পড়ে থাকা দুঃখজনক। নির্মাণকাজ শেষ হওয়ার পরপরই ভবনের বিভিন্ন স্থানে ফাটল দেখা দেওয়ার বিষয়টিও খতিয়ে দেখা প্রয়োজন। একই সঙ্গে নির্মাণকাজের মান যাচাই এবং প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করে দ্রুত হাসপাতালটি চালুর দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে সুনামগঞ্জ ডায়াবেটিস সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ মনোওয়ার আলী বলেন, ‘আমরা হাসপাতালটি চালুর জন্য প্রস্তুত রয়েছি। কিন্তু যারা আমাদের কাছে ফার্নিচার ও চিকিৎসা-যন্ত্রপাতি হস্তান্তর করবেন, তারা এখনো বিভিন্ন প্রক্রিয়ার মধ্যে রয়েছেন। এখন পর্যন্ত কোনো যন্ত্রপাতি আমরা বুঝে পাইনি। ইকুইপমেন্ট ও ফার্নিচার ছাড়া চিকিৎসাসেবা শুরু করা সম্ভব নয়।’
তিনি আরও বলেন, ‘আমরা আশা করছি, আগামী বছরের জানুয়ারির মধ্যেই হাসপাতালটি চালু করা সম্ভব হবে। সরঞ্জাম হস্তান্তর যত দ্রুত হবে, হাসপাতাল চালুর উদ্যোগও তত দ্রুত নেওয়া যাবে।’
প্রায় ১৭ কোটি ৭০ লাখ টাকা ব্যয়ে নির্মিত হাসপাতালটি চালু হলে সুনামগঞ্জসহ আশপাশের হাওরাঞ্চলের ডায়াবেটিস রোগীরা নিজ জেলায় উন্নত চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ পাবেন। তাই প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ, ভবনের ত্রুটি নিরসন এবং দ্রুত চিকিৎসাসেবা চালুর দিকে তাকিয়ে রয়েছেন স্থানীয় বাসিন্দারা।
আইটি ল্যাব সলিউশন্স লি.