প্রকাশিত: ১৮ নভেম্বর, ২০২৬ ১৮:৩২ (বৃহস্পতিবার)
মাদরাসার বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারবে সর্বোচ্চ ৪০ শতাংশ শিক্ষার্থী

ছবি: সংগৃহীত

ইবতেদায়ি পঞ্চম ও দাখিল অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষা আগামী ৮ ডিসেম্বর শুরু হবে। পরীক্ষা চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। নতুন নীতিমালা অনুযায়ী, প্রতিটি মাদরাসা থেকে সর্বোচ্চ ৪০ শতাংশ শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিতে পারবে। উভয় স্তরে চারটি বিষয়ে মোট ৪০০ নম্বরের পরীক্ষা নেওয়া হবে।

বৃত্তি পেতে হলে প্রতিটি বিষয়ে আলাদাভাবে অন্তত ৪০ শতাংশ নম্বর অর্জন করতে হবে।

কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের জারি করা নতুন নীতিমালায় পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যতা, শিক্ষার্থী নির্বাচন, কোটা, বিষয়ভিত্তিক মানবণ্টন, পরীক্ষা পরিচালনা, কেন্দ্র ব্যবস্থাপনা ও শৃঙ্খলা ভঙ্গের শাস্তিসহ বিভিন্ন বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) প্রকাশিত নীতিমালা অনুযায়ী, মাদরাসা শিক্ষা বোর্ড অনুমোদিত মাদরাসায় অধ্যয়নরত পঞ্চম ও অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারবে। তবে ইবতেদায়ি পঞ্চম শ্রেণির ক্ষেত্রে চতুর্থ শ্রেণির এবং দাখিল অষ্টম শ্রেণির ক্ষেত্রে সপ্তম শ্রেণির বার্ষিক বা সামষ্টিক মূল্যায়নের ফলাফলের ভিত্তিতে সর্বোচ্চ ৪০ শতাংশ শিক্ষার্থীকে পরীক্ষার জন্য নিবন্ধন করা যাবে। কোনো মাদরাসা থেকে নিবন্ধন করার পর ওই শিক্ষার্থী অন্য মাদরাসার অধীনে পরীক্ষায় অংশ নিতে পারবে না।

বৃত্তি বণ্টনের ক্ষেত্রেও নির্দিষ্ট কোটা রাখা হয়েছে। সব ধরনের বৃত্তির ৫০ শতাংশ ছাত্র এবং বাকি ৫০ শতাংশ ছাত্রীদের জন্য সংরক্ষিত থাকবে। কোনো কোটায় যোগ্য শিক্ষার্থী পাওয়া না গেলে অন্য কোটায় সেই বৃত্তি দেওয়ার সুযোগ থাকবে। বৃত্তিপ্রাপ্ত ইবতেদায়ি শিক্ষার্থীরা ফল প্রকাশের পর থেকে তিন বছর এবং দাখিলের শিক্ষার্থীরা দুই বছর পর্যন্ত নিয়মিত বৃত্তির অর্থ পাবে।

ইবতেদায়ি পঞ্চম শ্রেণির পরীক্ষার মানবণ্টন

ইবতেদায়ি পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষা চারটি বিষয়ে মোট ৪০০ নম্বরে অনুষ্ঠিত হবে। কুরআন মাজিদ ও তাজভিদ বিষয়ে ১০০ নম্বরের মধ্যে কুরআন মাজিদ অংশে ৭০ এবং তাজভিদ অংশে ৩০ নম্বর থাকবে। এ বিষয়ে সংক্ষিপ্ত প্রশ্ন, সুরা মুখস্থ, অনুবাদ, মিলকরণ ও রচনামূলক প্রশ্ন করা হবে।

আরবি প্রথম ও দ্বিতীয় পত্র মিলিয়ে ১০০ নম্বরের পরীক্ষা হবে। আদদুরুসুল আরাবিয়্যাহ ও কাওয়াইদ থেকে শব্দার্থ, অনুবাদ, বাক্য গঠন, শূন্যস্থান পূরণ, কবিতা লিখন, সংলাপ ও ব্যাকরণভিত্তিক প্রশ্ন থাকবে।

বাংলা ও ইংরেজি বিষয়ে মোট ১০০ নম্বর নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে প্রতিটি বিষয়ে ৫০ নম্বর করে থাকবে। বাংলা অংশে কবিতা, শব্দার্থ, রচনামূলক ও সংক্ষিপ্ত প্রশ্ন, যুক্তবর্ণ এবং রচনা থাকবে। ইংরেজি অংশে পাঠ্যাংশ, শব্দভান্ডার, ব্যাকরণ ও লেখার দক্ষতা যাচাইয়ে অনুচ্ছেদ, চিঠি ও সংলাপ থেকে প্রশ্ন করা হবে। এ দুই বিষয়ের পরীক্ষার সময় ১ ঘণ্টা ১৫ মিনিট করে মোট আড়াই ঘণ্টা।

গণিত ও বিজ্ঞান বিষয়ে মোট ১০০ নম্বরের মধ্যে গণিতে ৬০ এবং বিজ্ঞানে ৪০ নম্বর থাকবে। এ বিষয়ে সঠিক উত্তর, শূন্যস্থান পূরণ, সংক্ষিপ্ত ও বর্ণনামূলক প্রশ্নের মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষতা যাচাই করা হবে।

দাখিল অষ্টম শ্রেণির পরীক্ষার মানবণ্টন

দাখিল অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষাও চারটি বিষয়ে মোট ৪০০ নম্বরে অনুষ্ঠিত হবে। কুরআন মাজিদ ও তাজভিদ এবং আকাইদ ও ফিকহ বিষয়ে মোট ১০০ নম্বর থাকবে। এর মধ্যে কুরআন মাজিদ ও তাজভিদ অংশে ৫০ এবং আকাইদ, ফিকহ, আখলাক ও দলিল-দোয়া অংশে ৫০ নম্বর নির্ধারণ করা হয়েছে।

আরবি প্রথম ও দ্বিতীয় পত্র মিলিয়ে ১০০ নম্বরের পরীক্ষা হবে। এতে নস, কবিতা, শব্দ ও লিখন দক্ষতার পাশাপাশি সরফ, নাহু, তরজমা ও ইনশা থেকে প্রশ্ন করা হবে।

বাংলা ও ইংরেজি বিষয়ে মোট ১০০ নম্বর থাকবে। বাংলায় ৫০ নম্বরের মধ্যে বহুনির্বাচনী, সৃজনশীল, সংক্ষিপ্ত ও নির্মিত অংশ থেকে প্রশ্ন থাকবে। ইংরেজিতে ৫০ নম্বরের পরীক্ষায় পাঠ্যাংশ, ব্যাকরণ ও লেখার দক্ষতা যাচাই করা হবে।

গণিত ও বিজ্ঞান বিষয়ে মোট ১০০ নম্বরের মধ্যে গণিতে ৭০ এবং বিজ্ঞানে ৩০ নম্বর থাকবে। এ দুই বিষয়ে সংক্ষিপ্ত, এক কথায় প্রকাশ ও সৃজনশীল প্রশ্নের মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে।

উভয় স্তরের বৃত্তি পরীক্ষায় বৃত্তি পাওয়ার জন্য প্রতিটি বিষয়ে আলাদাভাবে ন্যূনতম ৪০ শতাংশ নম্বর অর্জন করতে হবে।

পরীক্ষা পরিচালনায় মানতে হবে কঠোর নিয়ম

আগামী ৮ ডিসেম্বর শুরু হয়ে ১৫ ডিসেম্বর পর্যন্ত ইবতেদায়ি পঞ্চম ও দাখিল অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষা চলবে। প্রতিদিন সকাল ১০টায় পরীক্ষা শুরু হবে। ইবতেদায়ি পঞ্চম শ্রেণির পরীক্ষা দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এবং দাখিল অষ্টম শ্রেণির পরীক্ষা দুপুর ১টা পর্যন্ত চলবে।

নীতিমালা অনুযায়ী, উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) এবং মহানগর পর্যায়ে জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রশ্নপত্রের গোপনীয়তা ও নিরাপত্তা নিশ্চিত করতে ট্রেজারি বা থানা লকার থেকে ম্যাজিস্ট্রেটের মাধ্যমে কঠোর নিরাপত্তায় পরীক্ষাকেন্দ্রে প্রশ্নপত্র নিতে হবে।

পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার, নকল করা, অন্যের উত্তরপত্র দেখে লেখা এবং শৃঙ্খলাভঙ্গের মতো অপরাধের জন্য শাস্তির বিধান রাখা হয়েছে। এসব অপরাধে পরীক্ষার্থীর পরীক্ষা বাতিলসহ সংশ্লিষ্ট বিধি অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যাবে।