প্রকাশিত: ১৮ নভেম্বর, ২০২৬ ১৬:৪৮ (বৃহস্পতিবার)
অপহরণের ১দিন পর পুকুরে মিলল ৮ মাসের শিশুর মরদেহ

ছবি: সংগৃহীত

মাগুরার মহম্মদপুরে মায়ের কোল থেকে অপহরণের একদিন পর আট মাস বয়সী শিশু রাশমিতা চক্রবর্তীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৮ নভেম্বর) বেলা ১২টার দিকে উপজেলার ঝামা লক্ষ্মীপুর গ্রামের একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত রাশমিতা চক্রবর্তী উপজেলার রাধানগর গ্রামের ব্যবসায়ী সমীর কুমার চক্রবর্তীর মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে রাজাপুর বাজার সংলগ্ন এলাকায় শিশুটির মা নন্দিতা চক্রবর্তীকে অচেতন করে তার কোল থেকে রাশমিতাকে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে শিশুটির মাকে রাস্তার পাশে ফেলে রেখে পালিয়ে যায় তারা।

শিশুটির বাবা সমীর কুমার চক্রবর্তী জানান, সোমবার (১৬ নভেম্বর) বিকেলে তার স্ত্রী আট মাসের মেয়ে রাশমিতাকে নিয়ে শীতের কাপড় কেনার উদ্দেশ্যে অটোরিকশায় বের হন। পথে রাজাপুর বাজারের কাছাকাছি পৌঁছালে আগে থেকে ইজিবাইকে অবস্থান নেওয়া দুই নারীর একজন তার স্ত্রীর নাকের কাছে ফুলের মতো কিছু ধরেন। এতে তিনি অচেতন হয়ে পড়েন। এ সময় তার কোল থেকে শিশুটিকে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয় লোকজন শিশুটির মাকে রাস্তার পাশে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে পরিবারের সদস্যদের খবর দেন। তাকে বাড়িতে নিয়ে যাওয়ার পর শিশুটিকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা পুলিশকে জানান। এরপর শিশুটিকে উদ্ধারে অভিযান শুরু করে পুলিশ।

তিনি আরও জানান, পরে বুধবার দুপুরে ঝামা লক্ষ্মীপুর গ্রামের একটি পুকুরে শিশুটির মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।

শিশুটির পরিবারের দাবি, মায়ের কোল থেকে অপহরণের পর শিশুটিকে পুকুরের পানিতে ফেলে হত্যা করা হয়েছে।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম আহমেদ জানান, শিশুটি অপহরণের খবর পাওয়ার পরপরই পুলিশ অভিযান শুরু করে। বুধবার বেলা ১২টার দিকে ঝামা লক্ষ্মীপুর গ্রামের একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার প্রকৃত রহস্য উদ্‌ঘাটনে তদন্ত চলছে।