প্রকাশিত: ১৮ নভেম্বর, ২০২৬ ১৪:৪৯ (বৃহস্পতিবার)
সিলেটে সীমান্তে ৪০ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

সিলেটের কানাইঘাট ও জৈন্তাপুর সীমান্তে  উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ৪০ লাখ ৩০ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (১৮ নভেম্বর) জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট সেক্টরের অধীনস্থ জকিগঞ্জ ব্যাটালিয়নের সুরাইঘাট বিওপির একটি বিশেষ আভিযানিক টহলদল কানাইঘাট উপজেলার সীমান্ত থেকে প্রায় ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বালিধারা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় শাড়ি ও বিভিন্ন ধরনের প্রসাধনী সামগ্রী জব্দ করা হয়। এসব পণ্যের সিজার মূল্য ৩৫ লাখ ২৫ হাজার টাকা।

এ ছাড়া একই দিন জকিগঞ্জ ব্যাটালিয়নের লোভাছড়া, গুয়াবাড়ি, জৈন্তাপুর ও লালাখাল বিওপির টহলদল কানাইঘাট ও জৈন্তাপুর উপজেলায় পৃথক অভিযান পরিচালনা করে। এসব অভিযানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় কম্বল, চা-পাতা ও গরু জব্দ করা হয়। জব্দকৃত এসব পণ্যের সিজার মূল্য ৫ লাখ ৫ হাজার টাকা।

দুটি অভিযানে সর্বমোট ৪০ লাখ ৩০ হাজার টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন ধরনের অবৈধ পণ্য জব্দ করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং চোরাচালান প্রতিরোধে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) গোয়েন্দা তৎপরতাসহ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। জব্দকৃত মালামাল কাস্টমসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিজিবি।