প্রকাশিত: ১৮ নভেম্বর, ২০২৬ ১৩:১৬ (বৃহস্পতিবার)
নির্জন স্থানে অভিনেত্রীকে পরিচালকের কুপ্রস্তাব, কী হয়েছিল সেদিন?

ছবি: সংগৃহীত

অভিনয়ে নিজের জায়গা তৈরি করতে ভারতের অনেক নারী স্বপ্ন নিয়ে মুম্বাইয়ে পাড়ি জমান। তবে বিনোদনজগতের ঝলমলে দুনিয়ার আড়ালে তাদের অনেককেই পড়তে হয় নানা অস্বস্তিকর পরিস্থিতিতে।

কাজের সুযোগ পাওয়ার আশায় কখনো কখনো শুনতে হয় আপত্তিকর প্রস্তাবও। ক্যারিয়ারের শুরুর দিকে এমনই এক ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন অভিনেত্রী দেবিনা বন্দ্যোপাধ্যায়।

দক্ষিণী সিনেমায় কাজ করার সময় এক পরিচালকের আচরণে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছিলেন তিনি। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছিল যে নিজের অস্বস্তির কথা জানাতে গিয়ে ভয়ে কাঁপছিলেন অভিনেত্রী।

সম্প্রতি সেই অভিজ্ঞতার কথা জানিয়ে দেবিনা বলেন, একদিন সন্ধ্যায় ওই পরিচালক তাকে কোথাও যাওয়ার প্রস্তাব দেন। তখন অভিনয়জগতে একেবারেই নতুন তিনি।

পরিচালকের এমন প্রস্তাবে সরাসরি না বলা যায় কি না, তা-ও বুঝে উঠতে পারেননি। তবে শুরু থেকেই তার মনে হচ্ছিল, পরিস্থিতি স্বাভাবিক নয়। একধরনের অস্বস্তি কাজ করছিল তাঁ মধ্যে। শেষ পর্যন্ত অনিচ্ছা সত্ত্বেও অনেকটা বাধ্য হয়েই পরিচালকের গাড়িতে ওঠেন তিনি।

গাড়ি চলতে চলতে একপর্যায়ে নির্জন ও অন্ধকার একটি জায়গায় গিয়ে থামেন পরিচালক। এরপর দেবিনাকে চুম্বন করার প্রস্তাব দেন। এমন আচরণে ভয় পেয়ে যান অভিনেত্রী। অচেনা জায়গায় নিজেকে অসহায় মনে হচ্ছিল তার। ওই ব্যক্তি যদি তার কোনো ক্ষতি করেন, তাহলে কী হবে- এমন আশঙ্কাও ভর করেছিল মনে।

দেবিনা জানান, শেষ পর্যন্ত সাহস করে কাঁপা গলায় পরিচালকের কাছে নিজের অস্বস্তির কথা জানান। স্পষ্ট করে বলেন, এমন পরিস্থিতিতে তিনি স্বচ্ছন্দ নন।

জীবনের সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা বলতে গিয়ে দেবিনা আরও জানান, গুরমীত চৌধরী তার জীবনে আসার পর নিরাপদ আশ্রয়ের প্রকৃত অর্থ বুঝতে পেরেছেন। স্বামী গুরমীতের মধ্যেই খুঁজে পেয়েছেন সেই নির্ভরতা ও নিরাপত্তা।

দক্ষিণী সিনেমার মাধ্যমে অভিনয়জীবন শুরু করেন দেবিনা। পরে কাজ শুরু করেন হিন্দি টেলিভিশনে। ২০০৮ সালে ‘রামায়ণ’ ধারাবাহিকে সীতার চরিত্রে অভিনয় করে ব্যাপক পরিচিতি পান তিনি। ওই ধারাবাহিকে রামের চরিত্রে অভিনয় করেছিলেন গুরমীত চৌধরী। পর্দার এই জুটি পরবর্তী সময়ে বাস্তব জীবনেও একসঙ্গে পথচলার সিদ্ধান্ত নেন। বর্তমানে এই দম্পতির দুই সন্তান রয়েছে।