ছবি: সংগৃহীত
রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলের কেমেরোভোতে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ১৭ আরোহীর সবাই নিহত হয়েছেন। প্রাথমিকভাবে বিমানটিকে রাশিয়ার সামরিক বাহিনীর এএন-১২ মডেলের বিমান বলে শনাক্ত করা হয়েছে।
রাশিয়ার কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। মন্ত্রণালয়সূত্রে জানা গেছে, বিধ্বস্ত বিমানটি ছিল আন্তোনভ এএন-১২ মডেলের।
মঙ্গলবার (১৭ নভেম্বর) গভীর রাতে বিমানটি বিধ্বস্ত হয়।
কেমেরোভো প্রদেশের গভর্নর ইলিয়া সেরেদিউক রুশ দৈনিক দ্য মস্কো টাইমসকে জানিয়েছেন, আঞ্চলিক রাজধানী থেকে ৫ কিলোমিটার দূরে ইয়াগুনোভা গ্রামের একটি বিরান এলেকায় বিধ্বস্ত হয়েছে উড়োজাহাজটি।
দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনের জন্য একটি তদন্ত দল এবং ‘বিমান দুর্ঘটনা তদন্ত কমিশন’ কাজ করছে। জরুরি সেবাদানকারী দলগুলো ঘটনাস্থলে উপস্থিত রয়েছে।
প্রাথমিকভাবে জানা গেছে, উড়োজাহাজটির চারটি ইঞ্জিনের একটিতে জ্বালানি লিক হওয়ায় আগুন ধরে গিয়েছিল, এতে নিয়ন্ত্রণ ব্যবস্থা অকেজো হয়ে পড়ায় মাটিতে আছড়ে পড়ে সেটি।
সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে রুশ সংবাদমাধ্যম ‘বাজা’ জানিয়েছে, জ্বালানি লিক হওয়া, ইঞ্জিনে আগুন লাগা এবং হাইড্রোলিক সিস্টেম বিকল হয়ে যাওয়া—এগুলোই কেমেরোভোতে এএন-১২ বিমানটি বিধ্বস্ত হওয়ার সম্ভাব্য কারণ বলে মনে করা হচ্ছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সিসিটিভি ফুটেজে বিমানটি বিধ্বস্ত হওয়ার মুহূর্তের দৃশ্য দেখা গেছে; যেখানে দূর আকাশে একটি জ্বলন্ত বস্তুকে নিচে পড়ে যেতে দেখা গেছে। এরপর একটি বিস্ফোরণে আকাশ আলোকিত হয়ে ওঠে, তবে দুর্ঘটনাটি অনেক দূরে ঘটায় তা স্পষ্টভাবে দেখা যায়নি।
বিবিসি এবং রয়টার্স ফুটেজটির সময় ও তারিখ যাচাই করেছে। এছাড়া রয়টার্স ঘটনাস্থলের দৃশ্যপট বিশ্লেষণ করে নিশ্চিত হয়েছে যে, এটি ওই এলাকার স্যাটেলাইট চিত্রের সাথে মিলে যায়।
বিধ্বস্ত বিমানটিতে কোনো পণ্য বা মালামাল ছিল কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
রুশ সামরিক বাহিনীতে আন্তোনভ এএন-১২ সিরিজের বিমানগুলো প্রায় অপরিহার্য। অস্ত্র ও সেনা পরিবহনের পাশাপাশি অনুসন্ধন ও উদ্ধার অভিযানের কাজেও এ সিরিজের বিমানগুলো ব্যাপকভাবে ব্যবহৃত হয়।
আইটি ল্যাব সলিউশন্স লি.