ছবি: সংগৃহীত
অস্ট্রেলিয়ার মেলবোর্নে আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনীতে অংশ নিচ্ছে বাংলাদেশের ১৪টি প্রতিষ্ঠান। এর মধ্যে রপ্তানি উন্নয়ন ব্যুরো ও অস্ট্রেলিয়ায় বাংলাদেশ হাইকমিশনের ব্যবস্থাপনায় তৈরি পোশাক খাতের ৯টি প্রতিষ্ঠান এবং ব্যক্তিগত উদ্যোগে আরও ৫টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।
১৭ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত মেলবোর্নে অনুষ্ঠিত হচ্ছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ‘গ্লোবাল সোর্সিং এক্সপো’। এতে বিশ্বের ২০টি দেশের ৯০০টির বেশি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) মেলায় বাংলাদেশের রপ্তানি পণ্যের প্রদর্শনী কার্যক্রম উদ্বোধন করেন অস্ট্রেলিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এফ এম বোরহান উদ্দীন।
এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব তানভীর আহমেদ, রপ্তানি উন্নয়ন ব্যুরোর সচিব মো. বজলুর রশীদ, কমার্শিয়াল কাউন্সেলর রনি চাকমা এবং আয়োজক প্রতিষ্ঠানের পরিচালক জুলি হল্ট উপস্থিত ছিলেন।
মেলায় বাংলাদেশের ১৪টি প্রতিষ্ঠানের ২৩ জন প্রতিনিধি অংশ নিচ্ছেন। তাঁরা বাংলাদেশ প্যাভিলিয়নে দেশের তৈরি পোশাকসহ বিভিন্ন রপ্তানি পণ্য প্রদর্শন করছেন।
আয়োজকরা জানান, ‘গ্লোবাল সোর্সিং এক্সপো’ অস্ট্রেলিয়ার অন্যতম প্রধান আন্তর্জাতিক সোর্সিং প্রদর্শনী। এ প্রদর্শনীর মাধ্যমে বিভিন্ন দেশের প্রস্তুতকারক ও সরবরাহকারীদের সঙ্গে সরাসরি যোগাযোগ এবং ব্যবসায়িক সম্পর্ক গড়ে তোলার সুযোগ পান আন্তর্জাতিক ক্রেতা ও সোর্সিং পেশাজীবীরা। এতে তৈরি পোশাক, জুতা, ফ্যাশন সামগ্রী, বস্ত্র ও গৃহসজ্জার বিভিন্ন পণ্য প্রদর্শিত হচ্ছে।
বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের সক্ষমতা ও সম্ভাবনা তুলে ধরতে মেলার প্রথম দিন একটি বিশেষ সেমিনারের আয়োজন করা হয়েছে।
বাংলাদেশ প্যাভিলিয়নে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা বিভিন্ন দেশের ক্রেতা, আমদানিকারক, বিপণনকারী এবং পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করবেন। পাশাপাশি ব্যবসায়িক যোগাযোগ বাড়াতে তারা দ্বিপক্ষীয় ব্যবসায়িক বৈঠকেও (বিটুবি) অংশ নেবেন।
অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা আশা প্রকাশ করেছেন, এ প্রদর্শনীতে অংশগ্রহণ এবং আন্তর্জাতিক ব্যবসায়ীদের সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যমে অস্ট্রেলিয়াসহ বিশ্ববাজারে বাংলাদেশের তৈরি পোশাকের অবস্থান আরও শক্তিশালী হবে। একইসঙ্গে বাংলাদেশের রপ্তানি পণ্যের নতুন বাজার ও ব্যবসায়িক সম্ভাবনা তৈরির সুযোগ সৃষ্টি হবে।
আইটি ল্যাব সলিউশন্স লি.