প্রকাশিত: ১৭ নভেম্বর, ২০২৬ ১৮:১৬ (বুধবার)
সিলেটে আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগসহ ৩ নেতা গ্রেফতার

সিলেটের গোয়াইনঘাটে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের দুই নেতাসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে বিশেষ অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন, সুনামগঞ্জের ছাতক উপজেলা ভাতগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল হাসানাত (৫২), সিলেটের গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাঁও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সুরুজ মিয়া (৩৪) এবং সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার আবু তালহা (২২)।

পুলিশ জানায়, গ্রেফতার তিনজনই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। আবুল হাসানাত ছাতক উপজেলার ১৩ নম্বর ভাতগাঁও ইউনিয়নের বাদে ঝিগলী গ্রামের মৃত আ. লতিফের ছেলে। সুরুজ মিয়া গোয়াইনঘাট উপজেলার ৭ নম্বর নন্দিরগাঁও ইউনিয়নের সালুটিকর করেরগাঁও গ্রামের মৃত আলখছ মিয়ার ছেলে। অপরদিকে আবু তালহা তাহিরপুর উপজেলার বালিজুরি পূর্বহাটি গ্রামের সাইদুল ইসলামের ছেলে।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সম্প্রতি গোয়াইনঘাটের রাতারগুল এলাকায় অবস্থিত সোহেল স্কয়ার ইকো রিসোর্টে শিক্ষা সফরের ব্যানারে একটি গোপন রাজনৈতিক সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রণজিৎ সরকার। সভায় তাঁর দেওয়া বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে রণজিৎ সরকারসহ ২০ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করে। মামলায় অজ্ঞাতনামা আরও ১৭৫ জনকে আসামি করা হয়। পরবর্তীতে রিসোর্টটি বন্ধ করে দেওয়া হয়।

পুলিশ আরও জানায়, গ্রেফতার আবুল হাসানাত ওই মামলার এজাহারভুক্ত আসামি। অপর দুইজন সুরুজ মিয়া ও আবু তালহাকে তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক গ্রেফতারের এ তথ্য নিশ্চিত করে বলেন, গ্রেফতার তিনজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে।