সিলেটে ভূমির ছাড়পত্র, ভবনের নকশা অনুমোদন ও ইমারত নির্মাণসংক্রান্ত সেবা নিয়ে সিলেট সিটি করপোরেশন (সিসিক) ও সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) মধ্যে সমন্বয়ের উদ্যোগ নিয়েছে সরকার। উন্নয়ন কর্তৃপক্ষ আইন কার্যকর হওয়ার পর সংশ্লিষ্ট এলাকায় ভবন নির্মাণের অনুমোদন দেওয়ার এখতিয়ার কোন সংস্থার থাকবে, তা নিয়ে সৃষ্ট বিভ্রান্তি ও ভবিষ্যৎ আইনি জটিলতা নিরসনে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট আইন অনুযায়ী, উন্নয়ন কর্তৃপক্ষ প্রতিষ্ঠার পর নির্ধারিত এলাকায় ভবন নির্মাণের নকশা অনুমোদনের এখতিয়ার উন্নয়ন কর্তৃপক্ষের। ফলে আইন কার্যকর হওয়ার পরও সিটি করপোরেশনগুলো নকশা অনুমোদনের আবেদন গ্রহণ করায় সেবাগ্রহীতাদের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে বলে সভায় আলোচনা হয়েছে।
সোমবার(১৬ন ভেম্বর) গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ বিষয়ে এক আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমান।
সভায় নবসৃষ্ট সিলেট, কুমিল্লা, ময়মনসিংহ, রংপুর ও নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানরা সংশ্লিষ্ট আইনের বিধান তুলে ধরেন। তাঁরা জানান, আইন কার্যকর হওয়ার পর সংশ্লিষ্ট এলাকায় পৌরসভা বা সিটি করপোরেশনের নকশা অনুমোদনের কার্যক্রম পরিচালনার সুযোগ নেই। তবে সিটি করপোরেশনগুলো এখনো নকশা অনুমোদনের আবেদন গ্রহণ করছে। অন্যদিকে উন্নয়ন কর্তৃপক্ষ প্রতিষ্ঠার পর সিটি করপোরেশনে সংরক্ষিত আগের নথিপত্রও যথাযথভাবে হস্তান্তর করা হয়নি।
সভায় সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী বলেন, ইমারত নির্মাণ বিধিমালা ও বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড (বিএনবিসি) ২০২০ অনুযায়ী ভবন নির্মাণের ক্ষেত্রে অকুপেন্সি সার্টিফিকেট বা ব্যবহার সনদ গ্রহণ বাধ্যতামূলক। কিন্তু সিলেট সিটি করপোরেশনের কাছ থেকে প্রয়োজনীয় তালিকা না পাওয়ায় এ কার্যক্রম ব্যাহত হচ্ছে।
তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে সিটি করপোরেশন থেকে কোনো ভবনের নকশা অনুমোদন দেওয়া হলে ভবিষ্যতে তা কেউ আইনি চ্যালেঞ্জ করতে পারেন। সে ক্ষেত্রে অনুমোদনটি অকার্যকর বা অননুমোদিত হিসেবে বিবেচিত হওয়ার আশঙ্কা রয়েছে। এতে সাধারণ মানুষকে আইনি জটিলতা ও ভোগান্তিতে পড়তে হতে পারে।
সিউক চেয়ারম্যানের বক্তব্যের পরিপ্রেক্ষিতে সভায় সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্ম সচিব) মোহাম্মদ রেজাই রাফিন সরকার জানান, উন্নয়ন কর্তৃপক্ষ আইন কার্যকর হওয়ার পর সিটি করপোরেশনে নকশা অনুমোদনের আবেদন গ্রহণ করা হলেও এ বিষয়ে কোনো অনুমোদন সভা অনুষ্ঠিত হয়নি।
সভায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবরা বলেন, একই ধরনের সেবা দুটি পৃথক প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালিত হলে ভবিষ্যতে আইনি জটিলতা তৈরি হতে পারে। সংশ্লিষ্ট আইন অনুযায়ী, সিটি করপোরেশনের নাগরিকদের কাছ থেকে এ ধরনের আবেদন গ্রহণ আইনসম্মত হবে না বলেও তাঁরা মত দেন।
এ বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতিনিধি জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সংশ্লিষ্ট সিটি করপোরেশনগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে। একই সঙ্গে উন্নয়ন কর্তৃপক্ষ আইনের বিধান যথাযথভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সভাপতির বক্তব্যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমান বলেন, উন্নয়ন কর্তৃপক্ষ প্রতিষ্ঠার পর আইন অনুযায়ী নির্ধারিত বিষয়গুলো অন্য কোনো প্রতিষ্ঠানের বাস্তবায়নের সুযোগ নেই। ভূমি ও ভবনসংক্রান্ত সেবা সহজ করা এবং নাগরিকদের ভোগান্তি কমাতে সিটি করপোরেশনগুলোর সঙ্গে কার্যক্রম সমন্বয় করতে হবে।
তিনি সিটি করপোরেশনে জমা থাকা নকশাসংক্রান্ত নথিপত্র দ্রুত উন্নয়ন কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া শুরু করার নির্দেশ দেন। পাশাপাশি সিটি করপোরেশন ইতোমধ্যে যেসব ভবনের অনুমোদন দিয়েছে, সেগুলোর তদারকির দায়িত্বও উন্নয়ন কর্তৃপক্ষের বলে উল্লেখ করেন।
সভায় সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী ছাড়াও রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. সামসুজ্জামান সামু, ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. উদবাতুল বারী আবু, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীব এবং সংশ্লিষ্ট সিটি করপোরেশনগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
নতুন এই সমন্বয় উদ্যোগ বাস্তবায়িত হলে সিলেটে ভবনের নকশা অনুমোদন, ভূমির ছাড়পত্র ও নির্মাণসংক্রান্ত সেবা নিয়ে সেবাগ্রহীতাদের বিভ্রান্তি কমবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
আইটি ল্যাব সলিউশন্স লি.