হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর আধুনিক হাসপাতালে রোগীদের হয়রানি ও প্রতারণার অভিযোগে পাঁচ চিহ্নিত দালালকে আটক করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে হাসপাতাল এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে প্রত্যেককে সাত দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে জরিমানা করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন সাকিব মিয়া তালুকদার, কামাল শাহ, জনাব আলী, আরফান মিয়া ও টেনু মিয়া।
দীর্ঘদিন ধরে হাসপাতালটিতে চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনদের দালালদের খপ্পরে পড়ার অভিযোগ রয়েছে। বিশেষ করে চিকিৎসকের পরামর্শে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন হলে দালালরা রোগীদের বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যায় বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। এতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন গ্রামাঞ্চল থেকে চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষ।
এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে বিষয়টি গুরুত্ব দিয়ে গোয়েন্দা নজরদারি বাড়ায় এসআরবি-৯ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের সদস্যরা। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সকালে ভ্রাম্যমাণ আদালত ও এসআরবির সদস্যরা যৌথভাবে হাসপাতাল এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় পাঁচজনকে আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতে জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা দালালির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। আটক ব্যক্তিদের মধ্যে কয়েকজন এর আগেও একাধিকবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হয়েছিলেন বলে জানা গেছে।
অভিযানে নেতৃত্ব দেওয়া ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিয়াজ মাহমুদ বলেন, হাসপাতাল এলাকায় অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তারা দালালির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। পরে প্রত্যেককে সাত দিন করে বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে জরিমানা করা হয়েছে।
এসআরবি-৯ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের ক্যাপ্টেন মো. মোশারফ হোসেন সাগর বলেন, জেলা সদর হাসপাতালে সাধারণত গ্রামগঞ্জ থেকে সহজ-সরল মানুষ চিকিৎসা নিতে আসেন। এই সুযোগ কাজে লাগিয়ে দালালরা বিভিন্নভাবে তাদের ফাঁদে ফেলে টাকা হাতিয়ে নেয়। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
হাসপাতালে চিকিৎসা নিতে আসা সাধারণ রোগী ও স্বজনদের হয়রানি বন্ধ এবং দালালচক্রের তৎপরতা নিয়ন্ত্রণে নিয়মিত নজরদারি ও অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন সচেতন মহল।
আইটি ল্যাব সলিউশন্স লি.