সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি সীমান্তের বাংলাদেশ অংশের প্রায় ২০০ গজ ভেতরে অস্ত্রসহ এক ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে বিছনাকান্দি সীমান্ত ফাঁড়ির (বিওপি) টহল দল তাকে আটক করে।
বিজিবি সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ বিছনাকান্দি সীমান্ত দিয়ে ওই বিএসএফ সদস্য অস্ত্রসহ বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেন। সীমান্তের প্রায় ২০০ গজ ভেতরে তাকে দেখতে পেয়ে বিজিবির টহল দল আটক করে। পরে তাকে বিছনাকান্দি বিওপিতে নিয়ে যাওয়া হয়।
আটক বিএসএফ সদস্যকে ফেরত পাঠাতে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠকের উদ্যোগ নেওয়া হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে বৈঠকের মাধ্যমে তাকে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
এ বিষয়ে ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ বলেন, বাংলাদেশের সীমান্তের প্রায় ২০০ গজ অভ্যন্তরে অস্ত্রসহ অনুপ্রবেশ করায় ওই বিএসএফ সদস্যকে আটক করা হয়েছে। পতাকা বৈঠকের মাধ্যমে তাকে হস্তান্তর করা হবে।
এদিকে, বিছনাকান্দিতে এক বাংলাদেশি পর্যটককে মারধরের অভিযোগ উঠেছে বিএসএফ সদস্যদের বিরুদ্ধে। এ বিষয়ে জানতে চাইলে ৪৮ বিজিবির অধিনায়ক বলেন, বিষয়টি তিনি শুনেছেন। তবে এখনো নিশ্চিত হতে পারেননি।
ঘটনাকে কেন্দ্র করে বিছনাকান্দি সীমান্ত এলাকায় স্থানীয়দের মধ্যে আলোচনা তৈরি হয়েছে।
আইটি ল্যাব সলিউশন্স লি.