সিলেট বিভাগে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২০১ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১৬৩ জন।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সিলেট বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার সকাল ৮টার আগের ২৪ ঘণ্টায় হাম সন্দেহে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুই শিশুর মৃত্যু হয়েছে।
মৃত দুই শিশুর একজন সিলেটের গোলাপগঞ্জ উপজেলার জাকিরের মেয়ে সাজেদা বেগম। তার বয়স মাত্র ৭ মাস। সে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল।
অপর শিশুটি মৌলভীবাজার সদর উপজেলার প্রিদম বিশ্বাসের মেয়ে নিপা বিশ্বাস। তার বয়স সাড়ে ৬ মাস। সে রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল।
এই দুই শিশুসহ চলতি বছর সিলেট বিভাগে হাম ও হাম সন্দেহে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২২০ জনে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হামে মারা গেছে ১০ জন। বিভাগে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে সিলেট জেলায়, ৯২ জন। এছাড়া সুনামগঞ্জে ৭৬, হবিগঞ্জে ৩৫ এবং মৌলভীবাজারে ১৭ জনের মৃত্যু হয়েছে।
এদিকে গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে নতুন করে ২০১ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছর বিভাগে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৬২৮ জনে। এর মধ্যে সিলেটে ৪৪৬, হবিগঞ্জে ২৭৬, মৌলভীবাজারে ১৬৩ এবং সুনামগঞ্জে ৭৪৩ জন শনাক্ত হয়েছেন।
অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১৬৩ জন। এর মধ্যে সিলেট জেলায় ১০৩, হবিগঞ্জে ৪১, মৌলভীবাজারে ৯ এবং সুনামগঞ্জে ১০ জন ভর্তি হয়েছেন।
বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হাম ও হাম সন্দেহে মোট ৬১৬ জন চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে সরকারি হাসপাতালে ৫১১ জন এবং বেসরকারি হাসপাতালে ১০৫ জন চিকিৎসা নিচ্ছেন।
সিলেট বিভাগে হামের সংক্রমণ ও মৃত্যুর এই পরিস্থিতিতে শিশুদের স্বাস্থ্য সুরক্ষা এবং সংক্রমণ প্রতিরোধে সতর্কতা অবলম্বন জরুরি।
আইটি ল্যাব সলিউশন্স লি.