প্রকাশিত: ১৭ নভেম্বর, ২০২৬ ১২:৪৯ (বুধবার)
সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল গৃহবধূর

প্রতিকী ছবি

সুনামগঞ্জের ধর্মপাশায় দাওয়াত খেয়ে বাড়ি ফেরার পথে ব্যাটারিচালিত ইজিবাইক উল্টে ফারজানা আক্তার (৩৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার পাইকুরাটি ইউনিয়নের দেওয়ানগঞ্জ মাদরাসা সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। ফারজানা আক্তার একই ইউনিয়নের সুনই গ্রামের সামাল শাহের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে আরও কয়েকজনের সঙ্গে ফারজানা আক্তার বেরিকান্দি গ্রামে গিয়েছিলেন দাওয়াত খেতে। দাওয়াত খেয়ে সন্ধ্যায় ইজিবাইকে করে নিজ বাড়িতে ফেরার পথে দেওয়ানগঞ্জ মাদরাসা মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে তাদের বহনকারী ইজিবাইকটি উল্টে যায়। এতে ফারজানা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন এ তথ্য সত্যতা নিশ্চিত করে বলেন, দাওয়াত খেয়ে ফেরার পথে ইজিবাইক উল্টে এক নারীর মৃত্যু হয়েছে। মস্তিষ্কে অভ্যন্তরীণ রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে চিকিৎসক।