প্রকাশিত: ১৬ নভেম্বর, ২০২৬ ১৯:২৩ (মঙ্গলবার)
সিলেটে ৫ দফা দাবিতে নিকাহ রেজিস্ট্রারদের কলম বিরতি ও অবস্থান কর্মসূচি

ছবি: সংগৃহীত

কর্ম-অধিক্ষেত্র সুরক্ষা, প্রস্তাবিত বিতর্কিত বিধিমালা বাতিলসহ পাঁচ দফা দাবিতে সিলেটে কলম বিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন নিকাহ রেজিস্ট্রাররা (কাজী)।

সোমবার (১৬ নভেম্বর) সকালে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সিলেট কাজী কল্যাণ সমিতি ও সিলেট মুসলিম ম্যারেজ রেজিস্ট্রার কল্যাণ সমিতির যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। কর্মসূচি শেষে সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুনের কাছে পাঁচ দফা দাবি সংবলিত স্মারকলিপি প্রদান করেন নেতৃবৃন্দ।

কর্মসূচিতে সভাপতিত্ব করেন সিলেট মুসলিম ম্যারেজ রেজিস্ট্রার কল্যাণ সমিতির সভাপতি অধ্যক্ষ কাজী মাওলানা বদরুল ইসলাম। পরিচালনা করেন সিলেট কাজী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক কাজী মাওলানা মো. আব্দুল জলিল খান।

অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, ‘মুসলিম বিবাহ ও তালাক নিবন্ধন বিধিমালা ২০২৬’-এর প্রস্তাবিত খসড়ায় নিকাহ রেজিস্ট্রারদের প্রচলিত কর্ম-অধিক্ষেত্র পরিবর্তন এবং সাধারণ ডিগ্রির ভিত্তিতে নিয়োগের প্রস্তাব করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আমলে আলেম-ওলামাদের সঙ্গে দীর্ঘ আলোচনার ভিত্তিতে প্রতিষ্ঠিত বর্তমান ব্যবস্থা পরিবর্তনের এমন উদ্যোগে তাঁরা গভীরভাবে উদ্বিগ্ন।

বক্তারা বলেন, সিটি করপোরেশন, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে বর্তমান কর্ম-অধিক্ষেত্র বহাল রাখতে হবে। নিকাহ রেজিস্ট্রার নিয়োগে ধর্মীয় জ্ঞান ও যোগ্যতাকে গুরুত্ব দিতে হবে। কেবল সাধারণ শিক্ষাগত ডিগ্রির ভিত্তিতে নিয়োগ দেওয়া হলে বিবাহ ও তালাকের মতো গুরুত্বপূর্ণ ইসলামি বিধানের ক্ষেত্রে শরিয়াহগত ভুল এবং সামাজিক জটিলতা সৃষ্টি হতে পারে।

তাঁরা আরও বলেন, বিধিমালা প্রণয়ন ও সংশোধনসংক্রান্ত কমিটিতে সারাদেশের নিকাহ রেজিস্ট্রারদের পক্ষ থেকে কমপক্ষে দুজন যোগ্য ও অভিজ্ঞ প্রতিনিধিকে অন্তর্ভুক্ত করতে হবে। পাশাপাশি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সঙ্গে সামঞ্জস্য রেখে বিবাহ, তালাক, নকল ও কমিশন ফি বৃদ্ধি করতে হবে।

বক্তারা অভিযোগ করেন, একটি স্বার্থান্বেষী মহল আলেম সমাজ ও সরকারের মধ্যে দূরত্ব তৈরির অপচেষ্টা চালাচ্ছে। সরকারকে ভুল পথে পরিচালিত করার উদ্দেশ্যে এ ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও তাঁরা মন্তব্য করেন। প্রস্তাবিত বিতর্কিত খসড়া বিধিমালা বাতিল এবং নিকাহ রেজিস্ট্রারদের বর্তমান কর্ম-অধিক্ষেত্র সুরক্ষায় প্রধানমন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপ ও সুদৃষ্টি কামনা করেন তাঁরা।

কর্মসূচিতে সিলেট মুসলিম ম্যারেজ রেজিস্ট্রার কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক কাজী সৈয়দ মুজাম্মিল উদ্দিন, সহ-সভাপতি কাজী মাওলানা মো. নুরুল ইসলাম চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক কাজী মাওলানা মো. আব্দুল হাসিব, সাংগঠনিক সম্পাদক কাজী মাওলানা মো. জাকারিয়া খানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ ছাড়া সিলেট কাজী কল্যাণ সমিতির সভাপতি কাজী মাওলানা মো. জয়নুল ইসলাম মুনিম, সহ-সভাপতি কাজী মাওলানা মো. বদরুদ্দোজা, সহ-সাধারণ সম্পাদক কাজী মাওলানা আবু সালেহ মওদুদ আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক কাজী মাওলানা মো. আব্দুস সালাম, আইনবিষয়ক সম্পাদক কাজী মাওলানা নুরুল আমিনসহ দুই সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।

অবস্থান কর্মসূচি শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন কাজী মাওলানা গোলাম আহমদ।