মৌলভীবাজারের বড়লেখায় অবৈধভাবে প্রাকৃতিক টিলা কাটার মহোৎসব চলছে বলে অভিযোগ উঠেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় থেকে মাত্র ৩০০-৪০০ মিটার দূরে গাছপালা উজাড় করে প্রকাশ্যে এক্সকেভেটর দিয়ে বিশাল টিলা কাটা হচ্ছে। এতে পরিবেশের ভারসাম্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তবে স্থানীয়দের অভিযোগ, প্রশাসনকে বিষয়টি অবহিত করার পরও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
স্থানীয় বাসিন্দাদের দাবি, রাজনৈতিক প্রভাবশালী দুই নেতার সম্পৃক্ততার কারণেই টিলা কাটার বিরুদ্ধে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নিতে প্রশাসনের অনীহা দেখা যাচ্ছে। ফলে প্রশাসনের নিষ্ক্রিয়তার সুযোগে নির্বিঘ্নে ধ্বংস হচ্ছে প্রাকৃতিক পাহাড়-টিলা ও গাছপালা।
সোমবার (১৬ নভেম্বর) বড়লেখা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলা পরিষদ চত্বরের অদূরে এবাদুর রহমান চৌধুরী টেকনিক্যাল কলেজের পূর্ব পাশে অবস্থিত একটি বিশাল টিলা এক্সকেভেটর দিয়ে কাটা হচ্ছে। টিলা কাটার পাশাপাশি ধ্বংস করা হচ্ছে বিভিন্ন প্রজাতির গাছপালা।
স্থানীয় বাসিন্দারা জানান, প্রকাশ্যে টিলা কাটতে দেখে তাঁরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনারকে (ভূমি) বিষয়টি অবহিত করেন। কিন্তু তাৎক্ষণিক অভিযান পরিচালনা না করে প্রশাসনের পক্ষ থেকে একজন কর্মচারীকে ঘটনাস্থলে পাঠানো হয়। এরই মধ্যে টিলা কাটার কাজে নিয়োজিত ব্যক্তিরা এক্সকেভেটর রেখে ঘটনাস্থল থেকে সরে যান।
স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের এমন ভূমিকার কারণে টিলা কাটার সঙ্গে জড়িত ব্যক্তিরা আরও উৎসাহিত হচ্ছেন। তাঁদের দাবি, রাজনৈতিক প্রভাবশালী দুই নেতার সংশ্লিষ্টতার কারণেই প্রশাসন কার্যকর পদক্ষেপ নিচ্ছে না।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন স্থানীয় বাসিন্দা জানান, বিএনপির দুই নেতা সুজানগর ইউনিয়নের ফয়সল আহমদ নামে এক প্রবাসীর সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে তাঁর মালিকানাধীন বিশাল টিলাটি কাটছেন। ওই দুই নেতা প্রশাসনকে আগে থেকেই বিষয়টি নিয়ে হস্তক্ষেপ না করার কথা জানিয়েছেন বলেও অভিযোগ করেন তাঁরা।
স্থানীয়দের আরও অভিযোগ, টিলা কাটার বিষয়ে একজন ব্যক্তি ইউএনওকে অবহিত করলে সংশ্লিষ্ট এক বিএনপি নেতা মুঠোফোনে তাঁকে জানান, তিনি নিজের এক্সকেভেটর দিয়ে মাটি কাটাচ্ছেন।
এ বিষয়ে বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব আলম মাহবুব বলেন, খবর পাওয়ার পর পৌরসভার উপ-সহকারী প্রকৌশলীকে ঘটনাস্থলে পাঠিয়ে খোঁজ নেওয়া হয়েছে। সেখানে টিলা কাটার কাজে ব্যবহৃত এক্সকেভেটর পাওয়া গেলেও কাউকে পাওয়া যায়নি। বর্তমানে কাজ বন্ধ রয়েছে। পুনরায় টিলা কাটা শুরু হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তবে স্থানীয়দের প্রশ্ন, প্রশাসনের সর্বোচ্চ দপ্তরের এত কাছাকাছি প্রকাশ্যে টিলা কাটার ঘটনা ঘটলেও কেন তাৎক্ষণিক অভিযান চালিয়ে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলো না? অভিযোগের যথাযথ তদন্ত ও অবৈধ টিলা কাটা বন্ধে দ্রুত কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন তাঁরা।
আইটি ল্যাব সলিউশন্স লি.