সিলেটের সারদা স্মৃতি হলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা গোপন বৈঠক করতেন—এমন অভিযোগে হলটিতে তালা ঝুলিয়েছেন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) নেতারা। এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিসহ সম্মিলিত সাংস্কৃতিক জোটের বিভিন্ন ছবি ও প্রতিকৃতির ফ্রেম সরিয়ে ফেলেন তারা।
সোমবার (১৬ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
জাসাস নেতাদের অভিযোগ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের দুই নেতা শামসুল ইসলাম সেলিম ও রজতকান্তি গুপ্ত সংগঠনটিকে আওয়ামী লীগের অঙ্গসংগঠনে পরিণত করেছিলেন। দীর্ঘদিন ধরে তারা খবর পাচ্ছিলেন, সারদা স্মৃতি হলে আওয়ামী লীগের নেতাকর্মীরা সভা করছেন। রবিবার রাতে সেখানে সভার প্রস্তুতির খবর পেয়ে সোমবার তারা হলে যান এবং ছবি ও প্রতিকৃতির ফ্রেম সরিয়ে তালা লাগিয়ে দেন।
জাসাস নেতারা জানান, সারদা স্মৃতি হলটি সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মালিকানাধীন। তাই হলের চাবি সিসিক প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরীর কাছে হস্তান্তর করা হবে। এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবেন প্রশাসক।
সিলেট জেলা জাসাসের সাধারণ সম্পাদক রায়হান হোসেন রায়হান বলেন, তালা লাগানোর সময় জেলা ও মহানগর জাসাসের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সংগঠনের অন্য নেতারা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে বক্তব্য সিসিক প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
আইটি ল্যাব সলিউশন্স লি.