প্রকাশিত: ১৬ নভেম্বর, ২০২৬ ১৫:২৬ (মঙ্গলবার)
মেয়ের জন্মদিনে সেঞ্চুরি উপহার দিলেন লিটন

ছবি: সংগৃহীত

জোহানেসবার্গ টেস্টের দ্বিতীয় দিনের শুরুটা সেঞ্চুরি দিয়ে রাঙালেন লিটন দাস। আগের দিন ৯২ রানে অপরাজিত থাকা এই ব্যাটার দিনের চতুর্থ ওভারেই তিন অঙ্কের দেখা পান।

টেস্ট ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরিটি লিটন উৎসর্গ করেছেন মেয়েকে। ব্যাট ও হেলমেট উঁচিয়ে ধরার পাশাপাশি পকেট থেকে বের করেছেন একটি কাগজ।

তাতে মেয়ের জন্য লেখা ছিল জন্মদিনের শুভেচ্ছাবার্তা। লিটনের মেয়ে আনায়রার আজ তিন বছর পূর্ণ হলো।
প্রথম দিনের খেলা শেষে ৬ উইকেটে ৩২৭ রান করেছিল বাংলাদেশ। শেষ বলে ১৩৭ রান করে তাওহিদ হৃদয় আউট হলে ভাঙে লিটনের সঙ্গে তার ২০৬ রানের দুর্দান্ত জুটি।

দ্বিতীয় দিন লিটনের সঙ্গে ব্যাটিং শুরু করেন মেহেদী হাসান মিরাজ। সেঞ্চুরি থেকে তখন লিটন দূরে ছিলেন মাত্র ৮ রান।
দিনের শুরু থেকেই সেঞ্চুরির অপেক্ষায় ছিলেন এই উইকেটকিপার ব্যাটার। তবে অপেক্ষা দীর্ঘ হয়নি। দ্বিতীয় দিনের চতুর্থ ওভারে মার্কো ইয়ানসেনকে পুল করে চার মেরে তিন অঙ্ক স্পর্শ করেন লিটন।

সেঞ্চুরির পর ব্যাট ও হেলমেট উঁচিয়ে উদ্‌যাপন করেন তিনি। এরপর পকেট থেকে বের করেন একটি কাগজ। সেখানে লেখা ছিল, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা, এই সেঞ্চুরিটা তোমার জন্য...।’

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ৩৪৫ রান।