সিলেট মহানগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে ৩৪ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ট্রাফিক পুলিশের অভিযানে ১২৬টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) রাত ১২টা থেকে ২৩টা ৫৯ মিনিট পর্যন্ত মহানগরীর বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক ব্যবসায়ী এবং মেট্রোপলিটন অধ্যাদেশ অনুযায়ী গ্রেফতার হওয়া আসামি রয়েছেন।
অভিযানকালে পুলিশ ৪৫ পিস ইয়াবা, ৩৪ বস্তা ভারতীয় আলু, ৬ হাজার ২৭০ কেজি ভারতীয় টমেটো এবং ৫৪৪ পিস ভারতীয় কম্বল উদ্ধার করেছে।
এদিকে, এসএমপির ট্রাফিক বিভাগ পৃথক অভিযানে মোট ১২৬টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে। এর মধ্যে ৫০টি যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং ৭৬টি যানবাহন আটক করা হয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
সিলেট মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং নিরাপদ নগরী গড়ে তুলতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।
আইটি ল্যাব সলিউশন্স লি.