প্রকাশিত: ১৫ নভেম্বর, ২০২৬ ১৯:৩০ (সোমবার)
ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক- নার্স টেকনোলজিস্ট সংকট, দুর্ভোগে ৩ লাখ মানুষ

সিলেটের ওসমানীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক, নার্স, টেকনোলজিস্ট ও প্রয়োজনীয় যন্ত্রপাতির সংকটে ব্যাহত হচ্ছে চিকিৎসাসেবা। আধুনিক ও দৃষ্টিনন্দন ভবন নির্মাণ করা হলেও দীর্ঘদিনেও হাসপাতালটি পূর্ণাঙ্গভাবে চালু করা সম্ভব হয়নি। ফলে উপজেলার প্রায় তিন লাখ মানুষ কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। জরুরি চিকিৎসা, প্রসূতিসেবা, রোগ নির্ণয় ও নিয়মিত চিকিৎসাসেবা নিতে গিয়ে প্রতিনিয়ত ভোগান্তিতে পড়ছেন রোগীরা।

হাসপাতাল সূত্রে জানা গেছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসারের মোট পদ ৩৩টি। এর বিপরীতে পদায়ন করা হয়েছে মাত্র ১৪ জনকে। তাঁদের মধ্যে ছয়জন সংযুক্তিতে অন্যত্র কর্মরত। ফলে হাসপাতালে বাস্তবে কর্মরত চিকিৎসকের সংখ্যা আরও কম। চিকিৎসক ডা. মনিকা বিশ্বাসও ফেঞ্চুগঞ্জে সংযুক্তিতে রয়েছেন।

হাসপাতালের গুরুত্বপূর্ণ পদ আবাসিক মেডিকেল অফিসারের (আরএমও) পদটিও দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। এতে জরুরি বিভাগ পরিচালনা, ভর্তি রোগীদের চিকিৎসা ব্যবস্থাপনা এবং রাতের চিকিৎসাসেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

নার্স সংকটও প্রকট। সিনিয়র স্টাফ নার্সের ২৫টি পদের বিপরীতে কর্মরত রয়েছেন মাত্র সাতজন। এই অল্পসংখ্যক নার্স দিয়ে জরুরি বিভাগ, ওয়ার্ড, প্রসবকক্ষ ও বহির্বিভাগের সেবা পরিচালনা করতে হচ্ছে। অন্যদিকে, মিডওয়াইফের পদ শূন্য থাকায় গর্ভবতী মায়েদের স্বাভাবিক প্রসবসেবা ব্যাহত হচ্ছে।

এ ছাড়া মেডিকেল টেকনোলজিস্ট না থাকায় হাসপাতালের পরীক্ষাগার কার্যক্রম প্রায় বন্ধ। রেডিওগ্রাফার জৈন্তাপুরে সংযুক্তিতে থাকায় এক্স-রে সেবাও পাচ্ছেন না রোগীরা। ফলে সাধারণ রক্ত পরীক্ষা কিংবা এক্স-রের মতো প্রয়োজনীয় পরীক্ষা করাতেও তাঁদের সিলেট শহরে যেতে হচ্ছে।

স্বাস্থ্য সহকারীর ৩৩টি পদের বিপরীতে কর্মরত রয়েছেন ২২ জন। শূন্য রয়েছে ১১টি পদ। এতে গ্রাম পর্যায়ে টিকাদান, স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি ও মাঠপর্যায়ের স্বাস্থ্যসেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে।

প্রশাসনিক ও সহায়ক জনবলের সংকটও রয়েছে। স্টোরকিপার, ওয়ার্ড বয় ও আয়ার কোনো পদেই জনবল নেই। অফিস সহকারীর তিনটি পদের মধ্যে দুটি পদ শূন্য। এতে চিকিৎসাসেবার পাশাপাশি হাসপাতালের দাপ্তরিক ও দৈনন্দিন কার্যক্রম পরিচালনাও কঠিন হয়ে পড়েছে।

স্থানীয় রোগীদের অভিযোগ, জ্বর, ডায়রিয়া, প্রসবব্যথা কিংবা দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে গেলে অনেক সময় প্রয়োজনীয় চিকিৎসক ও সেবা পাওয়া যায় না। বাধ্য হয়ে তাঁদের সিলেট শহরের বিভিন্ন হাসপাতালে যেতে হয়। এতে বাড়তি অর্থ ব্যয়ের পাশাপাশি রোগীদের ভোগান্তি পোহাতে হচ্ছে।

এক ভুক্তভোগী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমাদের ঘরের পাশে এত বড় হাসপাতাল, কিন্তু ডাক্তার নেই। গরিব মানুষের সিলেটে যাওয়ার টাকা কোথায়? আমরা কি চিকিৎসা ছাড়াই মরব?’

আরেক রোগী বলেন, ‘একটি এক্স-রে কিংবা রক্ত পরীক্ষার জন্যও সিলেটে যেতে হয়। তাহলে এই ভবন দিয়ে কী লাভ হলো?’

শুধু জনবল ও চিকিৎসা সরঞ্জামের সংকটই নয়, হাসপাতালের নতুন ভবনের কিছু অসম্পূর্ণ কাজও এখনো শেষ হয়নি। এ বিষয়ে এক্সএন জাকিয়া সুলতানা জানিয়েছেন, লাইটিং ও রাস্তার কাজসহ অসম্পূর্ণ কাজগুলো সম্পন্ন করার প্রক্রিয়া চলমান রয়েছে। দ্রুত এসব কাজ শেষ করার চেষ্টা চলছে।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মইনুল আহসান বলেন, ‘জনবল সংকটের কারণে চাইলেও আমরা পূর্ণাঙ্গ সেবা দিতে পারছি না। শূন্য পদ পূরণ ও সংযুক্তিতে থাকা জনবল ফিরিয়ে আনার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বারবার জানানো হয়েছে। আশা করছি, দ্রুত সমস্যার সমাধান হবে।’

এ অবস্থায় দ্রুত শূন্য পদে নিয়োগ, সংযুক্তিতে থাকা চিকিৎসক ও অন্যান্য জনবলকে নিজ কর্মস্থলে ফিরিয়ে আনা এবং মিডওয়াইফ, মেডিকেল টেকনোলজিস্ট, রেডিওগ্রাফার, স্টোরকিপার, ওয়ার্ড বয় ও আয়া নিয়োগের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। একই সঙ্গে এক্স-রে, পরীক্ষাগার ও জরুরি বিভাগের প্রয়োজনীয় যন্ত্রপাতি সরবরাহ করে হাসপাতালটি পূর্ণাঙ্গভাবে চালুর দাবি তাঁদের।

সচেতন মহলের মতে, শুধু দৃষ্টিনন্দন ভবন নির্মাণ করলেই মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত হয় না। প্রয়োজনীয় চিকিৎসক, নার্স, টেকনোলজিস্ট, অন্যান্য জনবল ও আধুনিক চিকিৎসা সরঞ্জাম নিশ্চিত করা জরুরি। অন্যথায় কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত হাসপাতাল ভবন মানুষের স্বাস্থ্যসেবায় কার্যকর ভূমিকা রাখতে পারবে না।

ওসমানীনগরের মানুষের প্রত্যাশা, দ্রুত এসব সংকট নিরসন করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটিকে পূর্ণাঙ্গভাবে চালু করা হবে। তাঁরা আর আশ্বাস নয়, নিজ উপজেলাতেই মানসম্মত ও নিরবচ্ছিন্ন চিকিৎসাসেবা চান।