সিলেটকে সাজাতে তিন পরিকল্পনা বাস্তবায়নের কথা জানালেন বাণিজ্যমন্ত্রী বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
সিলেটের জলাবদ্ধতা নিরসনে বড় প্রকল্প প্রণয়ন, সুরমার তীর সংরক্ষণ করে ১৭ কিলোমিটার হাঁটার পথ এবং পুরোনো কারাগারকে স্থানান্তর করে নগরবাসীর জন্য পার্ক গড়ে তোলা।
পরিকল্পনার কথা তুলে ধরে বাণিজ্যমন্ত্রী বলেন, সিলেট নগরীর জলাবদ্ধতা নিরসন একটি বড় প্রকল্প হাতে নেওয়া হচ্ছে। এই প্রকল্পে সুরমা নদীর তীর সংরক্ষণ করে প্রায় ১৭ কিলোমিটার দীর্ঘ হাঁটার পথ নির্মাণ করা হবে।
এতে নগরবাসী, বিশেষ করে প্রবীণ ও স্বাস্থ্যসচেতন ব্যক্তিরা হাঁটাচলার সুযোগ পাবেন।
অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা দেশের উন্নয়নে দীর্ঘদিন গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন উল্লেখ করে মন্ত্রী বলেন, তাঁদের পারস্পরিক যোগাযোগ, অভিজ্ঞতা বিনিময় ও অবসর সময় কাটানোর জন্য একটি মিলনকেন্দ্র প্রতিষ্ঠায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মন্ত্রী আরও বলেন, অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের একসঙ্গে বসা, নিজেদের সুখ-দুঃখ ভাগাভাগি করা এবং পারস্পরিক যোগাযোগ রক্ষার প্রত্যাশা অত্যন্ত যৌক্তিক। সিলেটবাসী সম্মিলিতভাবে তাঁদের জন্য এমন একটি ব্যবস্থা করতে পারবে না, তা হতে পারে না।
এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
সিলেটের পুরাতন কেন্দ্রীয় কারাগার স্থানান্তরের বিষয়ে সরকারিভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, কারাগারটি স্থানান্তরের পর ওই স্থানে একটি দৃষ্টিনন্দন পার্ক গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। সেখানে নগরবাসী সকাল-সন্ধ্যায় হাঁটাচলা করতে পারবেন এবং শিশুরা খেলাধুলার সুযোগ পাবে। পার্কটির নকশা প্রণয়নে দেশের সেরা নকশাবিদদের সহায়তা নেওয়ার চেষ্টা করা হবে।
শনিবার (১৪ নভেম্বর) সিলেট জেলা প্রশাসক কার্যালয়ে বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি, সিলেট জেলা শাখার নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী। এছাড়া সরকারি বিভিন্ন দপ্তরের অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরাও উপস্থিত ছিলেন।
আইটি ল্যাব সলিউশন্স লি.