অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষিত মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ফিনলে কোম্পানির মালিকানাধীন খেজুরিছড়া চা-বাগান ও কারখানা অবশেষে খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তবে এই সমঝোতায় বাগান কর্তৃপক্ষকে কড়া শর্তের মুখে পড়তে হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত দিনব্যাপী বৈঠকের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।
শ্রীমঙ্গল উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমানের সভাপতিত্বে এ জরুরি সভা অনুষ্ঠিত হয়। সিদ্ধান্ত অনুযায়ী, শুক্রবার থেকেই বাগান ও কারখানা খুলে দেওয়া হয়েছে এবং শনিবার থেকে শ্রমিকেরা কাজে ফিরবেন।
দিনব্যাপী এই এই আলোচনায় ফিনলে টি কোম্পানির প্রতিনিধি, আন্দোলনরত চা-শ্রমিক প্রতিনিধি, স্থানীয় বিএনপি নেতারা, পুলিশ প্রশাসনের কর্মকর্তা, সামাজিক ব্যক্তিত্ব, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। দীর্ঘ দেনদরবার ও মতবিনিময়ের পর লিখিত শর্তসাপেক্ষে বিরোধ নিষ্পত্তিতে ঐকমত্যে পৌঁছায় সব পক্ষ।
বৈঠকে সিদ্ধান্ত হয়, বাগানের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) ভবিষ্যতে ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে বা ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়, এমন কোনো বক্তব্য বা কাজ করতে পারবেন না। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হলে প্রমাণের ভিত্তিতে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এ ছাড়া বাগানের মন্দিরে ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে পূজা উদ্যাপনের জন্য উপজেলা প্রশাসন একটি কমিটি গঠন করবে। মন্দিরের সংস্কার ও উন্নয়নকাজ দ্রুত শেষ করতে সরকারি বরাদ্দের ব্যবস্থা করা হবে। পাশাপাশি বিরোধের জেরে কোনো পক্ষ যেন প্রতিশোধমূলক আচরণ না করে এবং শ্রমিকদের কাজে নেতিবাচক প্রভাব না পড়ে, তা নিশ্চিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৈঠক শেষে সংশ্লিষ্ট পক্ষগুলো লিখিত সিদ্ধান্তে স্বাক্ষর করে।
এর আগে ১২ নভেম্বর একটি লিখত পত্রে শ্রমিক অসন্তোষ ও অভ্যন্তরীণ বিরোধের জেরে ফিনলে টি কোম্পানির ডিনস্টন ডিভিশনের খেজুরিছড়া চা-বাগান ও কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছিল কর্তৃপক্ষ। এতে শ্রমিকদের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা দেখা দেয়।
ইউএনও মো. জিয়াউর রহমান বলেন, বাগানের অচলাবস্থা ও শ্রমিক অসন্তোষ নিরসনে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। শ্রমিক ও মালিকপক্ষের বক্তব্য বিবেচনায় নিয়ে সর্বসম্মতিক্রমে চারটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্য দিয়ে বাগানের অচলাবস্থা নিরসন এবং স্বাভাবিক কর্মপরিবেশ ফিরে আসার পথ তৈরি হয়েছে।
আইটি ল্যাব সলিউশন্স লি.