ছবি: সংগৃহীত
এয়ার ট্রাফিক কন্ট্রোলে যোগাযোগ ব্যবস্থার মারাত্মক ত্রুটির কারণে শুক্রবার যুক্তরাষ্ট্রে বিমান চলাচল চার ঘণ্টার বেশি সময় স্থগিত রাখা হয়। বিপর্যয় কাটানোর পর স্থানীয় সময় রাত সাড়ে ৮টার দিকে বিমান চলাচলে স্থগিতাদেশ প্রত্যাহার করে দেশটির ফেডারেল এভিয়েশন প্রশাসন (এফএএ)।
২০০১ সালের ১১ সেপ্টেম্বরের হামলার পর দেশটিতে ফ্লাইট স্থগিতের ঘটনা এ নিয়ে দ্বিতীয়বার ঘটল।
ফ্লাইট ট্র্যাকিং পরিষেবা ‘ফ্লাইটঅ্যাওয়ার’-এর তথ্য অনুযায়ী, ফ্লাইট স্থগিতের ঘটনায় বিমানবন্দরগুলোতে চরম বিশৃঙ্খলা দেখা দেয়।
এসময় বিমান সংস্থাগুলো এক হাজারেরও বেশি ফ্লাইট বাতিল করে ও প্রায় ১০ হাজার ফ্লাইটের যাত্রা বিলম্বিত করে। তবে আকাশে থাকা হাজার হাজার বিমানকে নিরাপদে অবতরণের অনুমতি দেওয়া হলেও মাটিতে থাকা বিমানগুলোর উড্ডয়ন সম্পূর্ণ বন্ধ রাখা হয়।
এ বিপর্যয় দ্রুতই মার্কিন সীমানা ছাড়িয়ে কানাডা ও ইউরোপ থেকে ছেড়ে আসা ফ্লাইটগুলোকেও বাতিল করতে বাধ্য করে।
হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ জানিয়েছে, এই প্রযুক্তিগত ত্রুটির পেছনে কোনো সাইবার হামলার সুনির্দিষ্ট কোনো লক্ষণ পাওয়া যায়নি।
হোমল্যান্ড সিকিউরিটির সেক্রেটারি মার্কওয়েইন মুলিন হোয়াইট হাউজের বাইরে সাংবাদিকদের বলেন, এখনো এমন কোনো ইঙ্গিত পাওয়া যায়নি যে এটি আমাদের বিরুদ্ধে কোনো উদ্দেশ্যপ্রণোদিত হামলা। এই মুহূর্তে এটি কেবলই একটি টেলিযোগাযোগ বিপর্যয়।
তিনি আরও জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পুরো বিষয়টি সম্পর্কে অবহিত করা হয়েছে।
মুলিন যোগ করেন, জনগণের আতঙ্কিত হওয়ার বা প্রিয়জনদের নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। এটি কোনো নতুন ৯/১১ নয়।
মুলিন বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত নতুন একটি এয়ার ট্রাফিক কন্ট্রোল সিস্টেমসহ সম্ভাব্য সব কারণ খতিয়ে দেখছে সংশ্লিষ্ট বিভাগ।
মার্কিন এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থার ওপর দীর্ঘদিন ধরে চলে আসা যান্ত্রিক ত্রুটি, যোগাযোগ ব্যবস্থার বিপর্যয়, এয়ার ট্রাফিক কন্ট্রোলারের সংকট এবং পুরোনো অবকাঠামোর জীর্ণ দশার সাম্প্রতিক ও সবচেয়ে বড় ঘটনা এই ফ্লাইট বিপর্যয়।
এফএএর এয়ার ট্রাফিক কন্ট্রোল প্রযুক্তির বড় একটি অংশ বহু দশকের পুরোনো। গত সপ্তাহে সংস্থাটি জানিয়েছে, তারা ২০২৮ সালের শেষ নাগাদ দেশের ৪০০টিরও বেশি কেন্দ্রে আবহাওয়া ও অন্যান্য জরুরি তথ্য সরবরাহের জন্য ব্যবহৃত পুরোনো ফ্লপি ডিস্কের ব্যবহার সম্পূর্ণ বন্ধ করে দেবে।
বোস্টন থেকে সিটল এবং নিউইয়র্ক থেকে লস অ্যাঞ্জেলেস– সব জায়গার বিমানবন্দরগুলোর বহির্গমন টার্মিনালগুলো ছিল যাত্রীদের উপচে পড়া ভিড়ে পূর্ণ। ডিসপ্লে বোর্ডে একের পর এক ফ্লাইটের বিলম্ব ও বাতিলের খবর দেখাচ্ছিল এবং বিমানগুলো পার্কিং গেটেই স্থির হয়ে পড়েছিল।
৪৭ বছর বয়সী লুইস ম্যাহের বলেন, আমার মনে হচ্ছে যেকোনো মুহূর্তে আমি কেঁদে ফেলব, তবে এখনো কাঁদছি না। ব্রিটিশ এয়ারওয়েজের ফ্লাইট এয়ার ট্রাফিক কন্ট্রোলের নিষেধাজ্ঞার কারণে বিলম্বিত হতে পারে বলে সতর্কবার্তা সত্ত্বেও তিনি শুক্রবার রাতে নেওয়ার্ক থেকে লন্ডনে যাওয়ার আশা ছাড়েননি।
ফ্লাইট স্থগিতাদেশের কারণে গন্তব্যে পৌঁছানো বিমানগুলোও ট্যাক্সিওয়েতে আটকা পড়ে, কারণ বিমানবন্দরগুলোর পার্কিং গেটগুলো আগে থেকেই পূর্ণ ছিল।
মার্কিন বিমান চলাচলের সমস্যা
বিশ্বের সবচেয়ে ব্যস্ত এই আকাশসীমায় গত কয়েক বছরে বেশকিছু বিপর্যয় ঘটেছে, যা বিমান চলাচলে বিঘ্ন ঘটিয়ে নিরাপত্তার ঝুঁকি তৈরি করেছে। ২০২৫ সালের জানুয়ারিতে রোনাল্ড রিগান ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্টে আকাশে দুটি বিমানের সংঘর্ষে ৬৭ জন নিহত হয়েছিলেন। মার্কিন যুক্তরাষ্ট্রের পুরোনো বিমানবন্দর ও এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থা আধুনিকায়নের জন্য আরও ৩০.১ বিলিয়ন ডলার বরাদ্দ অনুমোদন করতে গত শুক্রবার হোয়াইট হাউজ ও পরিবহন বিভাগ কংগ্রেসের প্রতি আহ্বান জানিয়েছে।
এফএএ স্থানীয় সময় শুক্রবার বিকেল ৩টা ৫৪ মিনিটে (গ্রিনিচ মান সময় ২০৫৪) দেশব্যাপী এই গ্রাউন্ড স্টপ ঘোষণা করে। ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, যখন এই উড্ডয়ন স্থগিতের নির্দেশ দেওয়া হয়, তখন মার্কিন বিমানবন্দরগুলোর উদ্দেশে আকাশে ৪,০৪২টি ফ্লাইট চলাচল করছিল। এই ঘোষণার ঠিক আগেই এয়ার ট্রাফিক কন্ট্রোলের যোগাযোগ সমস্যার কারণে শিকাগোতেও বিমান চলাচল সাময়িকভাবে বন্ধ করে দিয়েছিল এফএএ।
উল্লেখ্য, ১১ সেপ্টেম্বরের হামলার পর দেশব্যাপী এ ধরনের একমাত্র স্থগিতাদেশ দেওয়া হয়েছিল ২০২৩ সালের জানুয়ারিতে। সেসময় এফএএ দুই ঘণ্টারও কম সময়ের জন্য অভ্যন্তরীণ ফ্লাইট উড্ডয়ন স্থগিত রেখেছিল।
চলতি মাসে ইউরোপজুড়ে অসংখ্য যাত্রীবাহী বিমানে বোমা হামলার ভুয়া হুমকির জেরে ফ্লাইটগুলোকে হঠাৎ অবতরণ করাতে বাধ্য হওয়া এবং যুদ্ধবিমান দিয়ে সেগুলোকে পাহারা দিয়ে নিয়ে যাওয়ার মতো ঘটনার পর বিশ্বজুড়ে যখন বিমান চলাচলের নিরাপত্তা নিয়ে তীব্র উদ্বেগ বিরাজ করছে, ঠিক তখনই এই প্রযুক্তিগত বিপর্যয় ঘটল।
তবে মার্কিন এই যোগাযোগ ব্যবস্থার ত্রুটির সঙ্গে ওই ঘটনাগুলোর কোনো সংযোগ রয়েছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।
এদিকে মার্কিন ন্যাশনাল ওয়েদার সার্ভিসও শুক্রবার জানিয়েছে, তারা দেশব্যাপী ইন্টারনেট ও যোগাযোগের সমস্যায় পড়েছে। এ দুটি ঘটনার মধ্যে কোনো সংযোগ রয়েছে কি না, সে বিষয়েও তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।
আইটি ল্যাব সলিউশন্স লি.