প্রকাশিত: ১৩ নভেম্বর, ২০২৬ ১৪:৩৮ (শুক্রবার)
সিলেট-তামাবিল সড়কে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত যুবক

সিলেট-তামাবিল মহাসড়কে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মাহমুদুল হাসান (৩৩) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। 

শুক্রবার (১৩ নভেম্বর) সকালে সিলেট-তামাবিল মহাসড়কের খাদিমপাড়া ৩নং রোডের মুখে হিলভিউ টাওয়ারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

 

 

নিহত মাহমুদুল হাসান সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার ঘোড়াশাল এলাকার বাসিন্দা। তার পিতার নাম মো. ইব্রাহীম হোসেন। ঘটনাস্থলে তার মরদেহের পাশ থেকে উদ্ধার করা জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা হয়।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, দুর্ঘটনার সময় এক নারী সড়ক পার হচ্ছিলেন। তাকে রাস্তা পার হওয়ার সুযোগ দিতে গিয়ে মোটরসাইকেল চালক গতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। এ সময় সিলেটগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

এ ঘটনায় অপর এক ব্যক্তি আহত হয়েছেন। তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী সড়কে গাছ ফেলে অবরোধ সৃষ্টি করেন। এতে মহাসড়কের উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। স্থানীয়দের অভিযোগ, ওই এলাকায় কোনো স্পিড ব্রেকার না থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে। এ বিষয়ে বারবার দাবি জানানো হলেও এখন পর্যন্ত কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

খবর পেয়ে শাহপরাণ থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পরে প্রায় ৪০ মিনিট পর এলাকাবাসী অবরোধ তুলে নিলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

স্থানীয়দের দাবি, দুর্ঘটনা প্রতিরোধে দ্রুত ওই এলাকায় স্পিড ব্রেকার স্থাপনসহ প্রয়োজনীয় সড়ক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হোক।