প্রকাশিত: ১২ নভেম্বর, ২০২৬ ১৯:০৭ (বৃহস্পতিবার)
ফের লঘুচাপের পূর্বাভাস, সারা দেশে বৃষ্টির শঙ্কা

ছবি: সংগৃহীত

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় আগামী ১৩ নভেম্বরের দিকে নতুন করে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর প্রভাবে দেশের আট বিভাগেই বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী সময়ের আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, বর্তমানে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর একটি বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এরই মধ্যে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় আগামী ১৩ নভেম্বরের কাছাকাছি সময়ে নতুন একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, দেশের আট বিভাগের বিভিন্ন স্থানে দু-এক পশলা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বিভাগগুলো হলো, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট।

তেঁতুলিয়ায় ১৫ ডিগ্রিতে নামল তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি

এদিকে, সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে দিনের তাপমাত্রায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অফিসের তথ্যমতে, বুধবার সন্ধ্যা ৬টায় রাজধানী ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৬৪ শতাংশ। এ সময় পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছিল।