প্রকাশিত: ১২ নভেম্বর, ২০২৬ ১৮:৫০ (বৃহস্পতিবার)
মৌলভীবাজারে কিশোরীকে অপহরণ, প্রধান আসামি গ্রেফতার

মৌলভীবাজারে ১৫ বছর বয়সী এক  কিশোরীকে অপহরণের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি এমাদ মিয়া (২৬) কে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯।

বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার চৌমুহনী রোডে আবিদ প্লাজা আমির বাড়ি রেস্টুরেন্টের ভেতরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসআরবি-৯-এর শ্রীমঙ্গল ক্যাম্প ও সিলেট সদর কোম্পানির যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।

এসআরবি-৯ সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরী (১৫) মৌলভীবাজার সদর থানাধীন পাহাড় বর্ষিজোড়া গ্রামের বাসিন্দা। অভিযুক্ত এমাদ মিয়া ওই কিশোরীর প্রতিবেশী ও আত্মীয় হওয়ায় তাদের বাড়িতে যাতায়াত ছিল। এ সুযোগে বিভিন্ন সময় কিশোরীকে অশালীন কথাবার্তা বলাসহ অনৈতিক প্রস্তাব দিতেন বলে অভিযোগ রয়েছে।

গত ২ সেপ্টেম্বর ২০২৬ তারিখ দুপুর আনুমানিক ২টার দিকে ওষুধ আনার কথা বলে বাড়ি থেকে বের হয় কিশোরী। বিকেল ৪টা পর্যন্ত বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে ওই দিন রাত ৮টার দিকে পরিবারের ব্যবহৃত মোবাইল ফোনে এমাদ মিয়া কল করেন। তবে কোনো কথা না বলেই সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

পরিবারের সদস্যদের সন্দেহ হয়, ওই দিন দুপুর ২টা থেকে বিকেল ৪টার মধ্যে মৌলভীবাজার সদর থানাধীন বর্ষিজোড়া সাকিনের মাতৃমঙ্গল ও মাতৃকাপন এলাকার সামনের রাস্তা থেকে এমাদ মিয়া অজ্ঞাতনামা এক সহযোগীর সহায়তায় কিশোরীকে অপহরণ করেন।

পরবর্তীতে মৌলভীবাজার সদর থানা পুলিশের সহযোগিতায় জুড়ী থানাধীন হাফিজিয়া এলাকায় এমাদ মিয়ার মামা জমির মিয়ার বাড়ি থেকে ভুক্তভোগীকে উদ্ধার করা হয়। এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে মৌলভীবাজার সদর থানায় মামলা দায়ের করেন।

মামলার পরিপ্রেক্ষিতে আসামিকে গ্রেফতারে গোয়েন্দা তৎপরতা শুরু করে এসআরবি-৯। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার(১১ নভেম্বর) সিলেটের গোলাপগঞ্জে অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি এমাদ মিয়াকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার এমাদ মিয়া (২৬) মৌলভীবাজার জেলার জুড়ী থানাধীন হাফিজিয়া গ্রামের আফতাব মিয়ার ছেলে।

এ ঘটনায় মৌলভীবাজার সদর থানায় দায়ের করা মামলা নম্বর ১৪, তারিখ ৮ সেপ্টেম্বর ২০২৬। নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী ২০২৫)-এর ৭/৩০ ধারায় মামলাটি দায়ের করা হয়েছে।

গ্রেফতার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এসআরবি-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ গ্রেফতারেরএ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এসআরবি-৯-এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।